এখনও পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মাত্র একজন। ২৪ ঘণ্টার মধ্যে বাকি অভিযুক্তদের গ্রেপ্তারির দাবিতে নিশান হাতে গাইঘাটা থানার সামনে বিক্ষোভে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরা। ৫ জানুয়ারি রাজ্যজুড়ে পথ অবরোধের ডাক দিয়েছেন তাঁরা।
ঘটনার সূত্রপাত দিন কয়েক আগে। এসআইআর-এ ১ লক্ষ মতুয়ার নাম বাদ যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছিলেন বনগাঁর সংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুর। তাঁর এই বক্তব্যের প্রেক্ষিতে গাইঘাটার ঠাকুরবাড়িতে প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের আরেক সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর।
সেখানেই শান্তনু ঠাকুর ও তাঁর দলবলের হাতে গোঁসাই-পাগলদের মার খেতে হয় বলে অভিযোগ। গোঁসাই পরিষদের সম্পাদক নান্টু হালদারকে হাসপাতালে ভর্তি করতে হয়। সেই ঘটনায় মোট ১৩ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো হয়েছিল থানায়। গাইঘাটা থানার পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।












