ভোটের আগেই বড়সড় প্রশাসনিক রদবদল ঘটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক ধাক্কায় একাধিক সরকারি বোর্ড, কমিটি এবং কাউন্সিলের শীর্ষ পদ থেকে ইস্তফা দিলেন তিনি। নবান্ন সূত্রের খবর, স্রেফ তালিকাভুক্ত দফতরই নয়, এর বাইরেও যদি কোনও সংস্থায় তাঁর নাম থেকে থাকে, সেখান থেকেও অব্যাহতি নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দফতরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর দফতর থেকে আসা চিঠি অনুযায়ী সংশ্লিষ্ট দফতরগুলিকে এই ইস্তফা গ্রহণের প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে হবে। পরিবেশ, বন, স্বাস্থ্য ও সংখ্যালঘু বিষয়ক দফতরের একাধিক গুরুত্বপূর্ণ পদ ছেড়েছেন মুখ্যমন্ত্রী।
সেই তালিকায় রয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি, স্টেট পাবলিক পলিসি অ্যান্ড প্ল্যানিং বোর্ড এবং স্কিল ডেভেলপমেন্ট মিশনের মতো হাই-প্রোফাইল সংস্থা। নবান্নের কড়া নির্দেশ, নির্দিষ্ট সময়ের মধ্যে এই সংক্রান্ত রিপোর্ট জমা দিতে হবে। প্রশাসনিক মহলের মতে, আইনগত বাধ্যবাধকতা না থাকলেও নির্বাচনের আগে ‘স্বার্থের সংঘাত’ এড়াতেই এই কৌশলগত সিদ্ধান্ত। রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ মনে করছেন, নির্বাচনের আগে নিরপেক্ষতার বার্তা দিতেই এই পদক্ষেপ। সরকারি পদ ব্যবহার করে বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ যাতে না ওঠে, তাই আগেভাগেই নিজেকে সরিয়ে নিলেন মমতা। প্রশাসনিক স্বচ্ছতা বজায় রাখতে তাঁর এই সিদ্ধান্ত ঘিরে এখন তুঙ্গে রাজনৈতিক তর্জমা।















