রাতের অন্ধকারে তৃণমূলের দেওয়াল লিখনের উপরে গোবর লেপে দেওয়ার অভিযোগ ঘিরে চাঞ্চল্য হুগলির গোঘাটে। এমনকি তৃণমূলের দলীয় পতাকাও ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ। বিরোধীদের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে তৃণমূল নেতৃত্ব। এদিন সকালে ঘটনা নজরে আসতেই এলাকায় জড়ো হন তৃণমূল নেতা-কর্মীরা। ঘটনায় উত্তেজনা ছড়ালে এলাকায় গোঘাট থানার পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এসে পরিস্থিতি সামাল দেয়। জানা গেছে, এই এলাকায় গোঘাটের তৃণমূল প্রার্থী নির্মল মাঝির সমর্থনে দেওয়াল লেখা হয়েছিল। এছাড়া এলাকায় দলীয় পতাকাও লাগানো হয়।
এদিন সকালে নজরে পড়ে প্রার্থীর সমর্থনে দেওয়াল লিখনের উপর গোবর লেপা রয়েছে। স্থানীয় এলাকার তৃণমূল প্রধান প্রভাত গোস্বামীর অভিযোগ, বিরোধীরা এই জঘন্য কাজটা করেছে। তিনি আরোও বলেন, এই ভাবে ২০২৬ নির্বাচনে বিজেপি রাজ্য নির্বাচনী বৈতরনী পার করতে পারবে না, তারা ভয় পেয়েছে। বিজেপি চক্রান্ত করে এই কাজ করেছে। দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি। যদিও বিজেপির পক্ষ থেকে পুরো ঘটনাটাই অস্বীকার করা হয়েছে।















