পশ্চিমবঙ্গে প্রথমবার ক্ষমতায় এসেছে বিজেপি। ক্ষমতায় আসার পরপরই একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকার। নতুন সরকার গঠনের দেড় মাসও পূর্ণ হয়নি এখনও। এই অল্প সময়ের মধ্যেই রাজ্য সরকারের নেওয়া পদক্ষেপগুলির প্রশংসা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে চিঠি লিখলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।দু’দিনের সফরে শনিবার বাংলায় পৌঁছান প্রধানমন্ত্রী। সফরের প্রথম দিনে তারকেশ্বরের একটি অনুষ্ঠানে অংশগ্রহণের পর মুখ্যমন্ত্রীকে বাংলা ভাষায় পাঁচ পাতার একটি চিঠি লেখেন তিনি।
চিঠিতে পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে রাজ্য সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করেন মোদী।চিঠির শুরুতেই পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষে তারকেশ্বরের অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি লেখেন, পশ্চিমবঙ্গ দিবসে তিনি রাজ্যের প্রতিটি বিশিষ্ট ব্যক্তিত্বকে প্রণাম জানান, যাঁরা বিভিন্ন ক্ষেত্রে ভারতের সমৃদ্ধিতে অবদান রেখেছেন। এই প্রসঙ্গে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের অবদানের কথাও স্মরণ করেন তিনি।এরপর বিজেপি সরকারের দেড় মাসের কর্মকাণ্ডের প্রসঙ্গে আসেন প্রধানমন্ত্রী। চিঠিতে তিনি উল্লেখ করেন, চলতি বছরের এপ্রিল-মে মাসে পশ্চিমবঙ্গের মানুষ যে নির্বাচনী রায় দিয়েছিলেন, তা চিরস্মরণীয়।
মুখ্যমন্ত্রী শুভেন্দুর প্রশংসা করে তিনি জানান, গত এক মাসে পশ্চিমবঙ্গ সরকার যে গতি ও সমমর্মিতার সঙ্গে কাজ করেছে, তাতে তিনি অত্যন্ত আনন্দিত এবং এই প্রচেষ্টার জন্য মুখ্যমন্ত্রী ও তাঁর দলকে অভিনন্দন জানান তিনি। চিঠিতে রাজ্যে আয়ুষ্মান ভারত প্রকল্প চালু, মহিলাদের জন্য সরকারি বাসে বিনামূল্যে ভ্রমণের সুবিধা এবং অন্নপূর্ণা যোজনার মতো উদ্যোগের কথাও উল্লেখ করেন তিনি।চিঠির শেষে প্রধানমন্ত্রী লেখেন, পশ্চিমবঙ্গ তার প্রজ্ঞা, সৃজনশীলতা এবং অদম্য চেতনা দিয়ে ভারতকে অনুপ্রাণিত করে যাক, এবং এখানকার মানুষ নতুন আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে গিয়ে দেশের অগ্রগতি ও সমৃদ্ধিতে আরও গুরুত্বপূর্ণ অবদান রাখুন।
প্রধানমন্ত্রীর এই চিঠি পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, পশ্চিমবঙ্গ দিবসের এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছ থেকে প্রাপ্ত শুভেচ্ছা ও চিঠির জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। আমাদের প্রিয় রাজ্য পশ্চিমবঙ্গের উন্নয়ন, অগ্রগতি ও সমৃদ্ধির লক্ষ্যে তাঁর ভরসা, অনুপ্রেরণা, উৎসাহ এবং অবিচল সমর্থন আমাদের সকলকে নতুন উদ্যমে কাজ করার প্রেরণা জোগায়।বাংলার জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি জানাই গভীর কৃতজ্ঞতা ও আন্তরিক ধন্যবাদ। পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়ন ও উজ্জ্বল ভবিষ্যতের জন্য আমরা একসঙ্গে এগিয়ে চলার অঙ্গীকার করছি।














