বীরভূমের পাথর সম্রাট টুলু মন্ডলের পরে এবার মালদহ। বেআইনি মাদক কারবারের তদন্তে এসে ফ্ল্যাট থেকে ২ কোটি ৪০ লক্ষ টাকা উদ্ধার পুলিশের। এছাড়াও মিলেছে ২০ লক্ষ টাকার নিষিদ্ধ কাফ সিরাপ-সহ ২০ গ্রাম সোনা। ঘটনায় এখনো পর্যন্ত গ্রেফতার তিনজন। জানা গিয়েছে, রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত পুরাতন মালদার মঙ্গলবাড়িতে এই অভিযান চালায় পুলিশ। খইহাট্টা এলাকায় একটি গোডাউনে হানা দিয়ে উদ্ধার হয় প্রায় ২০ লক্ষ ১৬ হাজার টাকার নিষিদ্ধ কাফ সিরাপ। পরে মঙ্গলবাড়ি এলাকায় পিন্টু সরকার নামে এক ব্যক্তির ফ্ল্যাট থেকে উদ্ধার হয় ২ কোটি ৪০ লক্ষ ৯৭ হাজার ৩৮০ টাকা। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে পিন্টু, গোপাল চাকি এবং সুশান্ত হালদার নামে তিন যুবককে।
ধৃতরা পুরাতন মালদার বাসিন্দা। বুনিয়াদপুর মহকুমা পুলিশ আধিকারিক শুভতোষ সরকার জানান, ‘প্রায় ২ কোটি ৪০ লক্ষের কিছু বেশি টাকা, কিছু সোনা ও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এখনও পর্যন্ত আমরা তিনজনকে গ্রেফতার করেছি। উদ্ধার হওয়া নগদ, সোনা সবই মাদক কারবারের সঙ্গে জড়িত। তদন্ত চলছে। পুরো বিষয় তদন্ত শেষে বলা সম্ভব হবে।’ তদন্তকারীদের সন্দেহ, নগদ, নিষিদ্ধ কাশির সিরাপের সঙ্গে আন্তঃরাজ্য চোরাচালান নেটওয়ার্ক ছিল কিনা দেখা হচ্ছে।
অর্থের উৎস, ফ্ল্যাটের মালিকানা এবং ব্যবহারকারীদের পরিচয়ও খতিয়ে দেখছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় বছরখানেক আগে ওই ফ্ল্যাট ভাড়া নেন পিন্টু। তাঁর আদি বাড়ি পুরাতন মালদার নবাবগঞ্জ এলাকায়। প্রতিবেশী সোমনাথ পাত্র বলেন, ‘ওঁর সঙ্গে কথা হত না। আগে পাশের ফ্ল্যাটে একটি পরিবার থাকত। পরে যিনি এসেছিলেন, তিনি একাই থাকতেন। মানে তাঁকে একাই দেখা যেত। বেশিরভাগ সময়ই বন্ধ থাকত ফ্ল্যাট। শুনলাম পুলিশ ওই ফ্ল্যাট থেকে ২ কোটির বেশি টাকা উদ্ধার করেছে। উনি মাদকের কারবারের সঙ্গে জড়িত, সেটাও আজই জানতে পারলাম।’














