সবেমাত্র সম্পন্ন হওয়া গ্লাসগো ২০২৬ কমওয়েলথ গেমসের সমাপনী অনুষ্ঠানের পর স্বদেশ না ফিরে নিখোঁজ হয়ে গিয়েছেন উগান্ডা ও পাকিস্তানের একাধিক অ্যাথলেট। বিষয়টি ঘিরে তুমুল চাঞ্চল্যের সৃষ্টি হওয়ার পর তদন্তে নেমেছে স্কটল্যান্ড পুলিশ। মঙ্গলবার স্কটল্যান্ড পুলিশের এক মুখপাত্র নিশ্চিত করে জানান যে, কমওয়েলথ গেমসে অংশ নিতে আসা বেশ কয়েকজন বিদেশি অ্যাথলেটের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না বলে একাধিক রিপোর্ট জমা পড়েছে।
ঘটনার বিষদ পরিস্থিতি পর্যালোচনা করার পাশাপাশি যুক্তরাজ্যের হোম অফিসের সঙ্গে সমন্বয় রেখে প্রাথমিক তদন্ত শুরু করা হয়েছে। উগান্ডার ক্রীড়া সংবাদমাধ্যম ‘এনবিএস স্পোর্টস’-এর রিপোর্ট অনুযায়ী, দেশটি থেকে আসা ৬ সদস্যের বক্সিং দলের মধ্যে ৪ জন বক্সার দেশে ফেরার নির্ধারিত বিমানের আগে নিখোঁজ হয়ে যান। ওই সংবাদমাধ্যমকে নিখোঁজ হওয়া বক্সারদের একজন জানিয়েছেন, তারা স্কটল্যান্ডেই রাজনৈতিক আশ্রয় বা অ্যাসাইলাম পাওয়ার আবেদন করার পরিকল্পনা করছেন। অন্যদিকে, ‘পাকিস্তান টুডে’-র প্রতিবেদনে দাবি করা হয়েছে, গ্লাসগো থেকে পাকিস্তানের উদ্দেশ্যে রওনা হওয়া বিমানের সময় দেশটির একজন বক্সারও হাজির হননি।
ব্রিটেন বা অস্ট্রেলিয়ায় আয়োজিত কমওয়েলথ গেমসের আগের একাধিক আসরেও অ্যাথলেটদের এভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা বিরল নয়। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্টে আয়োজিত গেমসের প্রতিযোগিতা শেষ হওয়ার এক মাস পরেও প্রায় ৫০ জন অ্যাথলেট ও অফিসিয়ালের সন্ধান মেলেনি এবং আরও অন্তত ১৯০ জন অ্যাথলেট আশ্রয়ের আবেদন জানিয়েছিলেন। উল্লেখ্য, ১১ দিনব্যাপী চলা এই গ্লাসগো গেমসে বিশ্বের ৭৪টি দেশ থেকে প্রায় ৩,০০০ অ্যাথলেট অংশগ্রহণ করেছিলেন।













