বিহার পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা বাতিল, প্রশ্নপত্র ফাঁস এবং নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মঙ্গলবার ফের উত্তপ্ত হয়ে উঠল পাটনা। হাজার হাজার ছাত্রছাত্রী ও চাকরিপ্রার্থী গান্ধী ময়দান থেকে বিশাল মিছিল শুরু করে মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর বাসভবনের দিকে এগোতে থাকেন। মিছিল যত এগোয়, পরিস্থিতি ততই নিয়ন্ত্রণহীন হয়ে পড়ে।আন্দোলনকারীদের মূল দাবি, ৭০তম বিপিএসসি পরীক্ষা বাতিল করতে হবে এবং বাকি পাবলিক সার্ভিস পরীক্ষাগুলি এক দফায় স্বচ্ছভাবে আয়োজন করতে হবে। উল্লেখ্য, গর্দানীবাগে ইতিমধ্যেই একদল পড়ুয়া অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন, আর সেই আন্দোলনকে জোরদার করতেই এদিনের মিছিলের ডাক দেওয়া হয়েছিল।
প্রশাসনের বসানো ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ বাধে বিক্ষোভকারীদের। জনতাকে ছত্রভঙ্গ করতে জলকামান ও লাঠিচার্জের আশ্রয় নেয় পুলিশ, চলে ধরপাকড়ও। পরিস্থিতি সামাল দিতে রাজ্য পুলিশের পাশাপাশি নামানো হয় সিআরপিএফ-কেও। তা সত্ত্বেও বিক্ষোভকারীদের একাংশ দাবিতে অনড় থেকে রাস্তা ছাড়তে অস্বীকার করেন।এদিনের মিছিলে চাকরিপ্রার্থীদের পাশাপাশি যোগ দেন জমি সংক্রান্ত দাবিতে সরব কৃষক সংগঠনের সদস্যরাও, কালো পতাকা হাতে।
ছাত্রনেতাদের অভিযোগ, সরকার সরাসরি আলোচনার বদলে জুনিয়র আধিকারিকদের দিয়ে বিষয়টি সামাল দিতে চাইছে, অথচ তাঁরা মুখ্যমন্ত্রী বা শিক্ষামন্ত্রীর সঙ্গে সরাসরি বৈঠক চান।উত্তেজনার মধ্যেই রাজ্য সরকার অভিযোগ জানানোর জন্য একটি নতুন অনলাইন পোর্টাল, মাসের চতুর্থ মঙ্গলবার প্রতিষ্ঠানে শিক্ষার্থী সহায়তা শিবির এবং ৩০ দিনে সমাধানের প্রতিশ্রুতি সহ টোল-ফ্রি নম্বর ১১০০ চালুর ঘোষণা করেছে। তবে এই উদ্যোগে সন্তুষ্ট নন আন্দোলনকারীরা, মূল দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।













