ঠিক একমাস বাদে যুবভারতীতে ভারতের বিরুদ্ধে খেলতে নামবে ব্রাজিল, যা ভারতীয় ফুটবলের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় ম্যাচ হতে চলেছে। এই মেগা ম্যাচের আগেই বাংলায় আসছেন ব্রাজিলের বিশ্বজয়ী প্রাক্তন অধিনায়ক মারকোস ইভাঞ্জেলিসতা দে মোরায়েস, যিনি বিশ্বজুড়ে পরিচিত কাফু নামে।আগামী ৬ সেপ্টেম্বর দার্জিলিংয়ে পৌঁছনোর কথা কাফুর। শহর থেকে প্রায় ১০ কিলোমিটার দূরে আর্য চা বাগানে প্রস্তাবিত সিদ্রা হিলস স্পোর্টস অ্যান্ড ওয়েলনেস রিসোর্ট এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। পর্যটন বৃদ্ধির লক্ষ্যে ওইদিন পাহাড়ে তাঁর হাতেই আত্মপ্রকাশ করবে দুটি নতুন ফুটসল ক্লাব— দার্জিলিং ওয়ারিয়র্স এফসি এবং নর্থবেঙ্গল ফাইটার্স এফসি। এই দুই দলের মধ্যে একটি প্রদর্শনী ম্যাচেরও আয়োজন করা হবে।
প্রাথমিকভাবে চা-বাগানের নিজস্ব মাঠে অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও, পরবর্তীতে তা স্থানান্তরিত হয়েছে লেবংয়ের গোর্খা স্টেডিয়ামে। অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নিশীথ প্রামাণিক এবং শিল্প ও বাণিজ্য মন্ত্রী তাপস রায়ের।শুধু উত্তরবঙ্গ নয়, কলকাতাতেও কর্মসূচি রয়েছে ব্রাজিলিয় কিংবদন্তির।
আগামী সোমবার বিসিসিআইয়ে ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ রোডম্যাপ এবং ফুটবল বাণিজ্য নিয়ে একটি আলোচনাচক্রে অংশ নেবেন তিনি। সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে তাঁর হাতে জার্সি তুলে দিতে পারেন কাফু।কাফু ব্রাজিলিয় ফুটবলের সর্বকালের সেরা ডিফেন্ডারদের অন্যতম। ১৯৯৪ সালে প্রথম বিশ্বকাপ খেলা কাফু ২০০৬ পর্যন্ত মোট চারটি বিশ্বকাপে অংশ নেন এবং ১৯৯৪ ও ২০০২ সালের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। তিনিই একমাত্র ফুটবলার যাঁর পরপর তিনটি বিশ্বকাপ ফাইনাল খেলার অভিজ্ঞতা রয়েছে।














