মুম্বইঃ সোমবার মুম্বইয়ে আম্বানি পরিবারের বিলাসবহুল বাসভবন অ্যান্টিলিয়ায় আয়োজিত আড়ম্বরপূর্ণ গণেশ চতুর্থীর উৎসবে চাঁদের হাট বসল। প্রতি বছরের মতো এবারও আম্বানি পরিবারের এই মেগা পুজোয় ক্রীড়া, বিনোদন সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের উজ্জ্বল উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এই হাই-প্রোফাইল অনুষ্ঠানে সপরিবারে উপস্থিত ছিলেন ক্রিকেট কিংবদন্তি শচীন তেন্ডুলকর। শচীনের পাশাপাশি এই জমকালো উৎসবে যোগ দেন ভারতীয় দলের তারকা ব্যাটার সূর্যকুমার যাদব এবং তাঁর স্ত্রী দেবীশা শেট্টি।
ক্রিকেট জগতের আরও এক পরিচিত মুখ, ভারতের প্রাক্তন স্পিনার হরভজন সিংও তাঁর পরিবার নিয়ে আম্বানিদের এই গণেশ পুজোয় অংশ নেন। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভিন্ন ভিডিও ও ছবিতে উৎসবের মেজাজে ঐতিহ্যবাহী পোশাকে সেজেগুজে একে একে অ্যান্টিলিয়ায় প্রবেশ করতে দেখা গিয়েছে দেশের এই শীর্ষস্থানীয় ক্রিকেট তারকাদের।
আম্বানি পরিবারের এই বার্ষিক গণেশ চতুর্থী উদযাপন বরাবরই সেলিব্রিটি এবং বিশিষ্টজনেদের একটি অন্যতম প্রধান মিলনক্ষেত্র হিসেবে পরিচিত। স্বাভাবিকভাবেই ক্রিকেট তারকাদের পাশাপাশি এইদিনের অনুষ্ঠানে বিনোদন জগতের একাধিক তারকার উপস্থিতিও ছিল নজরকাড়া। এঁদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য হলেন বলিউড সুপারস্টার সলমন খান। সব মিলিয়ে সোমবার রাতে অ্যান্টিলিয়ার মেজাজ ছিল পুরোপুরি উৎসবমুখর এবং তারায় মোড়া।














