প্রধানমন্ত্রী আবাস যোজনা’য় নতুন তৈরি হতে যাওয়া ৫০ লক্ষ বাড়ির মালিকানা দেওয়া হবে মহিলাদের নামেই।’ আজ ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনে পশ্চিমবঙ্গ সরকারের আয়োজিত অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠান থেকে এমন ঐতিহাসিক ঘোষণা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার থেকে এই প্রকল্পের আওতায় তৈরি বাড়ির রেজিস্ট্রেশন মহিলাদের নামেই করার কথা ঘোষণা করেছেন তিনি। ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস উপলক্ষে সল্টলেকে আয়োজিত অনুষ্ঠানে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, বাংলায় প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় প্রায় ৫০ লক্ষের বেশি নতুন বাড়ি তৈরির জন্য তালিকা প্রস্তুত করা হয়েছে।
এই বাড়িগুলির ক্ষেত্রে পরিবারের মহিলাদের নামেই চুক্তি ও মালিকানার নথি করার কথা বলা হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ির মালিক আমরা মহিলাদেরকেই করব বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী জানান, প্রতি বছর ১৭ সেপ্টেম্বর অন্নপূর্ণা দিবস হিসেবে পালন করা হবে। পাশাপাশি বিধবা ভাতা-সহ বিভিন্ন সরকারি সহায়তার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তবে সরকারের লক্ষ্য শুধু ভাতা দেওয়া নয়, মহিলাদের সামাজিক ও অর্থনৈতিক ভাবে আরও শক্তিশালী করা, এমন বার্তাও দেন মুখ্যমন্ত্রী। এছাড়া প্রত্যেক কন্যা, বালিকা, বোনকে রক্ষা করার শপথ নিয়ে সরকার চলবে বলেও জানিয়েছেন তিনি। অন্নপূর্ণা দিবসের অনুষ্ঠান থেকেই এদিন অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তির টাকার কথাও জানান মুখ্যমন্ত্রী। যোগ্য মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী জানান, দেড় কোটি অ্যাকাউন্টে ঢুকছে অন্নপূর্ণার টাকা। ১ কোটি ৬০ লাখের কাছাকাছি।
আজ সারাদিন ধরেই ডাইরেক্ট ব্য়াংক অ্যাকাউন্টে ট্রান্সফার চলবে। প্রাণীমিত্রদের বেতন ২০০০ টাকা বাড়ালেও যেহেতু তাদের বেতন ১০০০০ টাকার কম, তাঁরাও পাবেন অন্নপূর্ণা। পাশাপাশি আগামী বছর কন্যারত্ন দিবসে দ্বিগুণ টাকা দেবে সরকার। ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এবছর কন্যারত্ন দিবসে ১৪ অগাস্ট ২০ লাখ পড়ুয়াকে ১০০০ টাকা করে দেওয়া হয়েছে। আগামী বছর ২০০০ টাকা করে দেওয়া হবে। একই অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। মহিলাদের আর্থিক সুরক্ষা ও আত্মবিশ্বাস বাড়ানোর ক্ষেত্রে অন্নপূর্ণা ভাণ্ডারের ভূমিকার কথা তুলে ধরেন তিনি।
নারী সুরক্ষায় সরকারের অবস্থান স্পষ্ট করে মুখ্যমন্ত্রী জানান, অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চট্টোপাধ্যায় ও আইপিএস দময়ন্তী সেনের নেতৃত্বে বিশেষ কমিশন গঠিত হয়েছে, যা নারী নির্যাতনের ঘটনা কঠোর হাতে দমন করবে। অন্নপূর্ণা দিবস পালনের মঞ্চ থেকে মেয়েদের উচ্চশিক্ষার জন্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেন, যেসব মেয়েরা গ্র্যাজুয়েশন করবেন, তাদের ৫০০০০ টাকা করে দেওয়ার বিরাট কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। যাঁরা উচ্চমাধ্যমিকের পর স্নাতকস্তরে পড়বেন, অর্থাৎ গ্র্যাজুয়েশন করবেন, তাদের উচ্চশিক্ষার জন্য ৩ বছরে মোট ৫০,০০০ টাকা দেওয়া হবে। প্রথম বছরে ১৭ হাজার, দ্বিতীয় বছরে ১৭ হাজার ও তৃতীয় বছরে ১৬ হাজার টাকা দেওয়া হবে। ২০২৭-এর ২৭ জানুয়ারি থেকে শুরু হবে এই কর্মসূচি।















