দিল্লি-মিরাট রুটে চালু নমো ভারত হাইস্পিড রেলের ধাঁচে এবার পশ্চিমবঙ্গেও দ্রুতগামী পরিবহণ ব্যবস্থা গড়ে তোলার প্রস্তাব দিলেন রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তিনি চারটি হাইস্পিড করিডরের একটি বিস্তারিত রিপোর্ট তৈরি করে তা কেন্দ্রীয় আবাসন ও নগরোন্নয়ন মন্ত্রী মনোহর লাল খট্টরের কাছে জমা দিয়েছেন।শমীকবাবুর প্রস্তাবিত চারটি প্রধান রুট-কলকাতা-কল্যাণী-কৃষ্ণনগর-মায়াপুর(১৩৫ কিলোমিটার): এই করিডর মূলত নদিয়া জেলা ও সংলগ্ন এলাকার উন্নয়নে সহায়ক হবে।কলকাতা-বর্ধমান-দুর্গাপুর-আসানসোল(২৩২ কিলোমিটার): শিল্পাঞ্চল দুর্গাপুর ও আসানসোলকে যুক্ত করবে এই রুট। এখানে মেট্রো সংযোগেরও প্রস্তাব রয়েছে।
কলকাতা-ফলতা-ডায়মন্ড হারবার-হলদিয়া-নন্দীগ্রাম (১০২ কিলোমিটার)দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরকে সংযুক্ত করবে এই করিডর। পাশাপাশি ময়দান থেকে বজবজ মেট্রোরও সংযুক্তিকরণের ভাবনা রয়েছে।কলকাতা-সাঁতরাগাছি-কোলাঘাট-খড়গপুর-মেদিনীপুর(১৩৫ কিলোমিটার) পশ্চিম মেদিনীপুর ও হাওড়ার যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে এই রুট।শমীক ভট্টাচার্যের বক্তব্য, কলকাতা বাদে দুর্গাপুর, আসানসোল, খড়গপুর, হলদিয়ার মতো শিল্পশহরগুলির যোগাযোগ ব্যবস্থা এখনও ততটা উন্নত নয়, যা মূলত ট্রেন ও জাতীয় সড়কনির্ভর।
তাঁর দাবি, প্রস্তাবিত চারটি করিডর বাস্তবায়িত হলে যোগাযোগের গতি বাড়বে। যেহেতু রুটগুলি জাতীয় সড়ক ও রেললাইন সংলগ্ন এলাকা দিয়ে যাবে, তাই জমি অধিগ্রহণের খরচও তুলনামূলকভাবে কম হবে বলে মনে করছেন তিনি।প্রকল্প রূপায়ণের লক্ষ্যে কেন্দ্রীয় এনসিআরটিসি-র আদলে কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে ওয়েস্ট বেঙ্গল র্যাপিড ট্রানজিট কর্পোরেশন নামে একটি পৃথক সংস্থা গঠনের প্রস্তাব দিয়েছেন শমীক ভট্টাচার্য।














