প্রাক্তন বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি ও তৃণমূলের পার্টি অফিসে হামলা এবং সিসিটিভি ভাঙচুরের অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল।দেবব্রতর দাদার উপরও হামলা চালানো হয়েছে বলে অভিযোগ। ঘটনার প্রতিবাদে রবিবার পথে নামে মমতা তৃণমূল। নিজেদের দলীয় কার্যালয় পুনরুদ্ধার করে তারা। দেবব্রতর অভিযোগ, বিজেপি-আশ্রিত দুষ্কৃতীরাই হামলার সঙ্গে যুক্ত। টলিগঞ্জের বিজেপি বিধায়ক পাপিয়া অধিকারী তৃণমূলকে পাল্টা নিশানা করেন।
প্রতিবাদ মিছিল প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন,এরা কারা? তৃণমূল? কারা পার্টি অফিস দখল করতে যাচ্ছেন?তাঁকে জানানো হয়, মমতা তৃণমূলের সমর্থকেরা আগের দিনের ঘটনার প্রতিবাদে পথে নেমেছেন। জবাবে পাপিয়া বলেন,মমতা বলে কেউ আছেন? মমতা তো নেই, অশরীরী আত্মা।তৃণমূলের অভ্যন্তরীণ কোন্দলের অভিযোগও তোলেন বিজেপি বিধায়ক।
তাঁর দাবি, দলের বহু নেতা-কর্মী ইতিমধ্যেই দল ছেড়েছেন। একই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে গা-জোয়ারির অভিযোগও করেন তিনি।অন্য দিকে, দেবব্রত মজুমদার দাবি করেন, প্রায় ১০০ জন হামলা চালিয়ে বাড়িতে ভাঙচুর ও গালিগালাজ করে। তাঁর দাদাকে ধাক্কা দেওয়ার অভিযোগও করেন তিনি। হামলাকারীরা বিজেপির সঙ্গে যুক্ত বলেও দাবি তাঁর।














