মঞ্চে কৌতুকশিল্পীকে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নকল ও কটাক্ষ করার অভিযোগে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাল বিজেপি। শনিবার ইন্দোরে কংগ্রেস আয়োজিত ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ অনুষ্ঠানে স্ট্যান্ড-আপ কমেডিয়ান পুলকিত মানির সঙ্গে মঞ্চ ভাগ করেন রাহুল। সেখানে মোদীর কণ্ঠস্বর, আচরণ এবং এক জনসভায় বয়স্কা মহিলার জন্য চেয়ার এগিয়ে দেওয়ার ঘটনাকে ব্যঙ্গাত্মক অভিনয়ে তুলে ধরা হয়। এই ঘটনা সামনে আসতেই আসরে নেমে একে ‘অশালীন জোকারদের সস্তা সার্কাস’ বলে কটাক্ষ করেছে পদ্ম শিবির।
কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু তীব্র ক্ষোভ প্রকাশ করে সামাজিক মাধ্যমে লেখেন, কংগ্রেস এখন জোকার ও ভাঁড়দের দলে পরিণত হয়েছে। বিজেপির জাতীয় মুখপাত্র সি আর কেশবন আক্রমণ করে জানান, রাহুল গান্ধী যে কৌতুকশিল্পীদের নিয়ে এই ধরনের অমার্জিত সংস্কৃতিকে মদত দিচ্ছেন, তাতে এক জন সুস্থ মানসিকতার মানুষও আনন্দ পেতে পারে না। এক বৃদ্ধাকে নিয়ে উপহাস করে তিনি আসলে ‘নারীশক্তি’কেই অপমান করেছেন বলে দাবি করেন কেশবন।
এর পাশাপাশি সদ্য সমাপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে কংগ্রেসের ছাত্র সংগঠন এনএসইউআই-এর ভরাডুবির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ঘৃণা ও তিক্ততার রাজনীতির কারণেই যুবসমাজ কংগ্রেসকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী ও দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর প্রয়াত মাকে জড়িয়েও পরোক্ষে অপমান করা হয়েছে এই নাটকের মাধ্যমে, যা কংগ্রেসের চরম নৈতিক দেউলিয়া মনোভাবের প্রমাণ।














