পুণের শ্রী শিব ছত্রপতি স্পোর্টস কমপ্লেক্সে ইন্টার কাশীকে ২-০ গোলে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ২০২৬-২৭ মরশুমে শুভসূচনা করল কেরালা ব্লাস্টার্স এফসি। রবিবার আয়োজিত এই ম্যাচে প্রথমার্ধে ভিবিন মোহনানের গোলে এগিয়ে যাওয়ার পর অন্তিম লগ্নে আন্দ্রে গ্রিনের অনবদ্য ফিনিশে পূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছাড়ে দক্ষিণের দলটি।
গোলের পাশাপাশি ম্যাচ জুড়ে ক্লিন শিট বজায় রেখে স্বস্তির জয় তুলে নিল ব্লাস্টার্স ব্রিগেড। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে খেলা শুরু করে কেরালা। শুরুর দিকে ইন্টার কাশীর রোজেনবার্গ গ্যাব্রিয়েল ও মনবীর সিং পাল্টা আক্রমণের চেষ্টা করলেও কেরালার গোলরক্ষক আরশ শেখের দক্ষতায় বিপদ ঘটেনি। ম্যাচের ১৮ মিনিটে কাঙ্ক্ষিত গোল তুলে নেয় ব্লাস্টার্স; কোরৌ সিংয়ের নিখুঁত পাস থেকে বক্সের মাঝখান থেকে ডান পায়ের জোরালো শটে বল জালে জড়ান ভিবিন মোহনান (১-০)।
এরপর সমতায় ফিরতে ইন্টার কাশী মরিয়া চেষ্টা চালালেও প্রথমার্ধের বাকি সময়ে ব্যবধান ধরে রাখে কেরালা। দ্বিতীয়ার্ধে সমতা ফেরাতে চাপ বাড়ায় নবাগত দল ইন্টার কাশী। মনবীরের হেড দারুণভাবে রক্ষা করেন শেখ, অন্যদিকে আয়ুষ ছিকারা গোলের সুবর্ণ সুযোগ নষ্ট করেন। ম্যাচের একেবারে শেষ মুহূর্তে, ইনজুরি টাইমের ৯৪ মিনিটে কাশীর কফিনে শেষ পেরেকটি পোঁতেন আন্দ্রে গ্রিন। মহম্মদ সানানের পাস থেকে বল পেয়ে বাঁ-পায়ের নিখুঁত প্লেসমেন্টে ২-০ করে জয় নিশ্চিত করেন তিনি। এই আত্মবিশ্বাসী জয় টুর্নামেন্টের শুরুতে কেরালা ব্লাস্টার্সকে বড়সড় মানসিক অক্সিজেন জোগাবে।














