সরকারি প্রকল্পের টাকা পাওয়ার আশায় ব্যাঙ্কের নির্দেশ ভেবে মোবাইলে অ্যাপ ইনস্টল করেছিলেন গ্রাহক। তার পরেই মুহূর্তের মধ্যে ফাঁকা হয়ে গেল ব্যাঙ্ক অ্যাকাউন্ট! কেওয়াইসি আপডেটের নামে এমনই সাইবার প্রতারণার জাল ছড়িয়েছে বীরভূমে। একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহকদের নিশানা করে ইতিমধ্যেই অন্তত ১২টি প্রতারণার ঘটনা সামনে এসেছে।
কোথাও পাঁচ হাজার, কোথাও আবার ১০ লক্ষ টাকা পর্যন্ত খোয়া গিয়েছে বলে অভিযোগ। ঘটনায় উদ্বিগ্ন জেলা পুলিশ ও প্রশাসন। প্রতারকদের চিহ্নিত করতে তদন্ত শুরু হলেও এখনও কেউ গ্রেফতার হয়নি।তদন্তকারীদের প্রাথমিক অনুমান, সরকারি প্রকল্পের সুবিধাভোগীদের লক্ষ্য করেই এই প্রতারণার ছক কষেছে অপরাধীরা। সংশ্লিষ্ট রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা ও ভর্তুকি উপভোক্তাদের অ্যাকাউন্টে জমা পড়ে। সেই সুযোগ কাজে লাগিয়ে গ্রাহকদের ফোন করছে প্রতারকেরা। জানানো হচ্ছে, ই-কেওয়াইসি সম্পূর্ণ না থাকায় অ্যাকাউন্টে প্রকল্পের টাকা ঢুকছে না।
ঘরে বসেই সেই প্রক্রিয়া সম্পন্ন করে দেওয়ার আশ্বাসও দেওয়া হচ্ছে।এর পরেই গ্রাহকদের হোয়াটসঅ্যাপ বা মেসেজ ইনবক্সে পাঠানো হচ্ছে একটি এপিকে ফাইল। সেটি ডাউনলোড করে ইনস্টল করলেই মোবাইলের নিয়ন্ত্রণ চলে যাচ্ছে প্রতারকদের হাতে। অভিযোগ, ফোনে থাকা ব্যাঙ্ক সংক্রান্ত তথ্য ব্যবহার করে অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে নিচ্ছে তারা।পরিস্থিতি মোকাবিলায় তদন্তের পাশাপাশি সচেতনতামূলক প্রচারের পরিকল্পনা করছে পুলিশ ও প্রশাসন। সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ, অচেনা নম্বর থেকে পাঠানো কোনও অ্যাপ ইনস্টল করা যাবে না। কেওয়াইসি সংক্রান্ত প্রয়োজনে সরাসরি ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করাই নিরাপদ।














