Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

কাঁচি হাতে চিতাবাঘের মোকাবিলা, ডুয়ার্সে প্রাণে বাঁচলেন ৬০ বছরের বৃদ্ধা

কাঁচি হাতে চিতাবাঘের মোকাবিলা, ডুয়ার্সে প্রাণে বাঁচলেন ৬০ বছরের বৃদ্ধা

নতুন দিন – জঙ্গলে ঘাস কাটতে গিয়ে আচমকাই চিতাবাঘের মুখোমুখি। প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত হাতের ঘাস কাটার কাঁচি নিয়েই রুখে দাঁড়ালেন ৬০ বছরের বৃদ্ধা। তাঁর চিৎকার ও প্রতিরোধে পিছু হটে জঙ্গলে পালিয়ে যায় চিতাবাঘটি। তবে বাঘের হামলায় পেট ও উরুতে আঘাত পেয়েছেন তিনি। রবিবার দুপুরের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ডুয়ার্সের ধূপগুড়ি ব্লকের সোনাখালি জঙ্গল সংলগ্ন এলাকায়। ঘটনার পরেই এলাকায় নজরদারি বাড়িয়েছে বন দফতর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আহত বৃদ্ধার নাম বাসন্তী রায়। তিনি ঝাড় আলতা ২ গ্রাম পঞ্চায়েতের গারখুটা গ্রামের বাসিন্দা।

 

অন্য দিনের মতোই রবিবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে সোনাখালির জঙ্গলে গিয়েছিলেন তিনি। সেই সময় আচমকাই তাঁর উপর ঝাঁপিয়ে পড়ে একটি চিতাবাঘ। বিপদের মুখে ভয় না পেয়ে হাতে থাকা কাঁচি নিয়েই বাঘটির মোকাবিলা করেন বাসন্তী। একই সঙ্গে চিৎকার শুরু করেন। তাঁর প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত জঙ্গলের ভিতরে পালিয়ে যায় চিতাবাঘটি।বৃদ্ধার চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।

 

রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।মরাঘাট রেঞ্জের রেঞ্জ অফিসার চন্দন ভট্টাচার্য জানান, সোনাখালির জঙ্গলে হাতি, চিতাবাঘ ও বাইসনের আনাগোনা রয়েছে। গ্রামবাসীদের নিয়মিত সতর্ক করা হয়। সচেতনতামূলক প্রচারও চলে। ঘটনার পরে এলাকাটি পর্যবেক্ষণ করে আশপাশে নজরদারি বাড়ানো হয়েছে। চিতাবাঘটি জঙ্গলের গভীরে চলে গিয়েছে বলে জানিয়েছেন তিনি।

READ MORE.....