নতুন বছরের শুরু থেকেই রাজ্যে চালু হতে চলেছে বেকার ভাতা প্রকল্প। যুবসাথী প্রকল্পের নাম বদলে নতুন নাম রাখা হয়েছে ভরসা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, আগামী জানুয়ারি থেকে এই প্রকল্পের সুবিধা দেওয়া শুরু হবে। তবে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা জমা পড়বে ফেব্রুয়ারি মাসে। একই সঙ্গে প্রকল্পের আওতায় কারা আসবেন এবং কারা এই সুবিধা পাবেন না, তা-ও স্পষ্ট করে দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রাথমিকভাবে স্নাতক এবং সরকারি প্রতিষ্ঠানে ভোকেশনাল প্রশিক্ষণপ্রাপ্ত যুবক-যুবতীরা মাসে ২ হাজার টাকা করে পাবেন। যাঁরা স্নাতক নন, তাঁদের জন্য মাসিক ভাতার পরিমাণ ধার্য করা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। তবে এই হার প্রথম ১৫ মাসের জন্য কার্যকর থাকবে।
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ২০২৮-২৯ অর্থবর্ষ থেকে স্নাতকদের মাসিক ভাতা বাড়িয়ে ৩ হাজার টাকা করা হবে। অন্যদিকে, স্নাতক নন এমন উপভোক্তারা মাসে ২ হাজার টাকা করে পাবেন। বিজেপির সংকল্পপত্রে স্নাতকদের ৩ হাজার এবং অন্যদের ২ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছিল। তবে বিভিন্ন সরকারি প্রকল্পের ব্যয় এবং রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার কারণে আপাতত আর্থিক চাপ রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই কারণেই প্রথম পর্যায়ে তুলনামূলক কম অর্থ দেওয়ার সিদ্ধান্ত। প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহে উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা পড়বে। প্রথম দফার অর্থ ফেব্রুয়ারি মাসে দেওয়া হবে। যাঁদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাঁদের তথ্য ইতিমধ্যেই সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
তবে এই প্রকল্পের সুবিধা পাওয়ার ক্ষেত্রে একাধিক শর্ত রাখা হয়েছে। অন্নপূর্ণা যোজনার আওতায় থাকা ব্যক্তিরা ভরসা প্রকল্পের টাকা পাবেন না। একটি পরিবার থেকে সর্বোচ্চ দু’জন এই প্রকল্পের সুবিধা পাবেন। ২১ বছরের কম এবং ৪৫ বছরের বেশি বয়সিরাও ভাতার আওতায় আসবেন না। পাশাপাশি, বেসরকারি প্রতিষ্ঠান থেকে ভোকেশনাল প্রশিক্ষণ নেওয়া প্রার্থীরাও এই সুবিধা পাবেন না। সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্তদেরই এই ক্ষেত্রে বিবেচনা করা হবে। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন, যাঁরা আগে আবেদন করতে পারেননি বা কোনও কারণে বঞ্চিত হয়েছেন, তাঁরাও নতুন করে আবেদন করার সুযোগ পাবেন। আবেদনগুলি যুবকল্যাণ দফতরে পাঠানো হবে। যাচাইয়ের পর যোগ্য প্রার্থীদের ভাতা দেওয়া হবে। আগের সরকারের আমলে যুবসাথী প্রকল্পের সুবিধা পাওয়া উপভোক্তাদেরও নতুন করে যাচাই করা হবে। ডিসেম্বর মাস পর্যন্ত চলবে এই প্রক্রিয়া। এরপর যোগ্যতার ভিত্তিতে নতুন প্রকল্পের আওতায় তাঁদের অন্তর্ভুক্ত করা হবে। ফলে ভরসা প্রকল্প চালুর আগে উপভোক্তাদের তালিকা যাচাই এবং নতুন আবেদন গ্রহণ—দুই প্রক্রিয়াই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।














