Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

বাল্যবিবাহ-জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে কুলতলিতে ২ হাজার মহিলার মশাল মিছিল

বাল্যবিবাহ-জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে কুলতলিতে ২ হাজার মহিলার মশাল মিছিল

বাল্যবিবাহ ও জোরপূর্বক বিয়ের বিরুদ্ধে সামাজিক সচেতনতা গড়ে তুলতে শুক্রবার, ২৭ নভেম্বর কুলতলিতে অনুষ্ঠিত হল বিশাল মশাল মিছিল। কেন্দ্রীয় সরকারের নির্দেশনা ও সচেতনতা কর্মসূচিকে সামনে রেখে সংলাপ সংস্থা এবং কৈখালী সমাধান সমিতির যৌথ উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রায় ২ হাজার মহিলা অংশগ্রহণ করেন। কুলতলী ব্লক প্রশাসন, আইসিডিএস, স্বাস্থ্য দপ্তর, কুলতলী থানা এবং জয়নগর আইসিডিএসের সহযোগিতায় এই কর্মসূচি ঘিরে ব্যাপক সাড়া পড়ে।

 

বাল্যবিবাহ বন্ধ করা, জোর করে বিয়ে দেওয়ার প্রবণতা রুখে দাঁড়ানো এবং নারী ও কন্যাশিশুর অধিকার সুরক্ষার বার্তা নিয়ে মশাল হাতে পথে নামেন বিভিন্ন এলাকার মহিলারা। মিছিলে অংশ নেন কুলতলির বিডিও, সিডিপিও, সমাজসেবী মাধবী মহলাদার, ড. বি. আর. আম্বেদকর কলেজের টিচার-ইন-চার্জ, জয়নগর আইসিডিএসের আধিকারিক ও কর্মীরা। উপস্থিত ছিলেন স্বাস্থ্য দপ্তরের সুপর্ণা কণ্ঠ-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও।

 

এই কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন কুলতলী থানার পুলিশকর্মী, আশা কর্মী, এএনএম কর্মী, আইসিডিএস দিদিমণি ও সহায়িকারা। পাশাপাশি গোপালগঞ্জ, জালাবেড়িয়া-১, জালাবেড়িয়া-২ এবং কুন্দখালি এলাকার চারটি গ্রাম পঞ্চায়েতের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারাও মিছিলে পা মেলান।আয়োজকদের বক্তব্য, বাল্যবিবাহ শুধু একটি সামাজিক ব্যাধি নয়, এটি কন্যাশিশুর শিক্ষা, স্বাস্থ্য, নিরাপত্তা ও ভবিষ্যতের পথে বড় বাধা।

 

একইভাবে জোরপূর্বক বিয়ে নারীর স্বাধীনতা ও সম্মানের পরিপন্থী। তাই সমাজের সর্বস্তরের মানুষকে সঙ্গে নিয়ে এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই কর্মসূচির মূল লক্ষ্য।প্রায় ২ হাজার মহিলার এই মশাল মিছিলের মধ্য দিয়ে কুলতলী থেকে স্পষ্ট বার্তা উঠে এল বাল্যবিবাহ নয়, প্রতিটি শিশুর অধিকার শিক্ষা ও সুরক্ষা জোরপূর্বক বিয়ে নয়, প্রত্যেক নারীর নিজের জীবন সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা। সামাজিক সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে এই আন্দোলনকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ডাক দেন উদ্যোক্তারা।

READ MORE.....