পারিবারিক সমস্যার সমাধান হবে বলে এক তান্ত্রিকের কাছে গিয়েছিলেন এক যুবতী। সেখানে তাঁকে ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। এই ঘটনায় অভিযুক্ত তান্ত্রিক সৌমেন গোস্বামীকে গ্রেফতার করেছে বোরো থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাটি পুরুলিয়ার বোরো থানা এলাকার। অভিযোগ, মঙ্গলবার রাতে ১৮ বছরের বেশি বয়সী ওই যুবতী পারিবারিক সমস্যার কথা নিয়ে তান্ত্রিক সৌমেন গোস্বামীর কাছে যান।
সেই সময় একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তাঁর শরীরের বিভিন্ন জায়গায় হাত দেওয়ার পাশাপাশি তাঁকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। ঘটনার পর যুবতী বিষয়টি বাড়িতে জানালে বুধবার তাঁর পরিবারের পক্ষ থেকে বোরো থানায় লিখিত অভিযোগ করা হয়। অভিযোগ পাওয়ার পরই পুলিশ তদন্ত শুরু করে এবং অভিযুক্ত তান্ত্রিক সৌমেন গোস্বামীকে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার অভিযুক্তকে পুরুলিয়া জেলা আদালতে পাঠানো হয়। পুরো ঘটনার তদন্ত চলছে।













