পূর্ব বিধানসভায় ভোটার তালিকায় নাম নেই ২৯১জনের। ঘোর চক্রান্ত করে বাদ দেওয়া হয়েছে নাম। নির্বাচন কমিশনকে নিশানা করলেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার।
এসআইআর ঘিরে তোলপাড় রাজ্য, রাজনীতি। রাজ্যের বিভিন্ন প্রান্তে আত্মহত্যা, আত্মহত্যার চেষ্টার মতো গুরুতর অভিযোগ উঠছে। রাজ্যজুড়ে প্রতিবাদে নেমেছে তৃণমূল। দুর্গাপুর পূর্ব বিধানসভা এলাকাতেও নাম নেই ২৯১জনের। নতুন করে আতঙ্কের সৃষ্টি হয়েছে দুর্গাপুর পূর্ব বিধানসভার ভারতী এলাকায়।
২০০২ সালের ২১২ নম্বর বুথের তালিকায় নাম নেই ওই এলাকার ৪১ জন ভোটারের। আতঙ্কে তাঁরা। দুর্গাপুরের মহকুমা শাসক এবং জেলা শাসকের কাছেও তারা অভিযোগ জানিয়েছেন। এই অভিযোগ পেয়ে রবিবার দুপুর ১২ টায় ওই এলাকায় পৌঁছান রাজ্যের পঞ্চায়েত গ্রামোন্নয়ন ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। সঙ্গে ছিলেন তৃণমূলের দুর্গাপুর ১নং ব্লকের সভাপতি রাজীব ঘোষ সহ এলাকার তৃণমূল নেতৃত্ব। নির্বাচন কমিশনের পোর্টালে নাম না থাকা ভোটারদের সাথে কথা বললেন মন্ত্রী।














