একটি বেসরকারি সংস্থাকে অন্যায় সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগে প্রবীণ আইএএস আধিকারিক শিখর আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখার (এসিবি) তদন্ত মঞ্জুর করার পরদিনই তাঁর স্ত্রী, প্রবীণ আইপিএস আধিকারিক প্রশাখা মাথুরকে পদ থেকে সরিয়ে অপেক্ষারত তালিকায় রাখল রাজস্থান সরকার। প্রশাসনিক কারণ দর্শিয়ে শনিবার এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। ১৯৯৫ ব্যাচের আইপিএস আধিকারিক প্রশাখা মাথুর রাজ্য পুলিশের অতিরিক্ত মহানির্দেশক হিসেবে পরিকল্পনা, আধুনিকীকরণ ও কল্যাণ শাখার দায়িত্বে ছিলেন।
এর আগে শুক্রবার রাজ্য সরকার শিখর আগরওয়ালের বিরুদ্ধে দুর্নীতি দমন শাখার পূর্ণাঙ্গ তদন্তে সবুজ সংকেত দেয়। তদন্তকারী সংস্থার দাবি, পদ ও প্রভাবের অপব্যবহার করে ওই সংস্থার সঙ্গে যোগসাজশ গড়ে তোলা এবং রাজ্য সরকারের বিপুল আর্থিক ক্ষতি করে নিজে ও সংশ্লিষ্ট সংস্থাকে অন্যায্য সুযোগ পাইয়ে দেওয়ার প্রাথমিক তথ্যপ্রমাণ মিলেছে। তদন্তে ওই আধিকারিক ও তাঁর পরিবারের নামে কেনা প্রায় ৪০টি ভিলা সংক্রান্ত আর্থিক লেনদেনের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ ওঠার আগে থেকেই ছুটিতে থাকা শিখর আগরওয়ালের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি।















