দোল উৎসবের জেরে হাওড়া ও শিয়ালদহ বিভাগে একগুচ্ছ লোকাল ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল পূর্ব রেল। মূলত যাত্রী সংখ্যা কম থাকার যুক্তিতেই আগামী ৩ মার্চ মঙ্গলবার দোলের দিন হাওড়া শাখায় আপ ও ডাউন মিলিয়ে মোট ৬৫টি লোকাল ট্রেন চলবে না। একইসঙ্গে হোলির দিন অর্থাৎ ৪ মার্চ শিয়ালদহ শাখায় ট্রেনের সময়সূচিতে আনা হয়েছে বড়সড় রদবদল। রেল সূত্রের খবর, দোলের দিন সকালে সচরাচর যাত্রী ভিড় হয় না। সেই চেনা ছবি মাথায় রেখেই প্রতি বছরের মতো এবারও কাটছাঁট করা হয়েছে ট্রেন তালিকায়। হাওড়া বিভাগের মূল বা মেন লাইনে পাঁচটি এবং কর্ড লাইনে ১৩টি ট্রেন বাতিলের তালিকায় রয়েছে।
ব্যান্ডেল শাখায় ১৫টি এবং শেওড়াফুলি শাখায় ১০টি ট্রেন ওই দিন চলবে না। এছাড়াও তারকেশ্বর লাইনে ৮টি, নৈহাটি-ব্যান্ডেল শাখায় ৬টি এবং শ্রীরামপুর ও কাটোয়া লাইনে ৪টি করে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।শিয়ালদহ বিভাগেও দোলের দিন রেল পরিষেবা কাটছাঁট করা হয়েছে। বিশেষত বাতানুকূল বা এসি লোকাল ওই দিন রেল ইয়ার্ডেই বিশ্রাম নেবে। ৪ মার্চ অর্থাৎ বুধবার হোলির দিন শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল করবে রবিবারের সময়সূচি মেনে। পূর্ব রেল জানিয়েছে, দোলের দিন বিশেষত সকালের দিকে ট্রেনে অন্যান্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা কম থাকে। উৎসবের দিন ট্রেন বিভ্রাটে সাধারণ যাত্রীদের কিছুটা দুর্ভোগ হতে পারে ধরে নিয়েই আগেভাগে এই তালিকা প্রকাশ করেছে রেল। তবে দুপুরের পর থেকে পরিষেবা স্বাভাবিক হওয়ার ইঙ্গিত রয়েছে।















