দুর্গাপুরের এক বেসরকারি মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়া এক তরুণীকে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ক্ষোভে ফুঁসছে রাজনৈতিক মহল। সোমবার সেই ঘটনার প্রতিবাদে ফালাকাটা বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও থানা ঘেরাও কর্মসূচি অনুষ্ঠিত হয়।
বিজেপির দলীয় কার্যালয় থেকে শুরু হওয়া মিছিলটি শহর পরিক্রমা করে থানার সামনে গিয়ে শেষ হয়। সেখানে বিক্ষোভে অংশ নেন মহিলা মোর্চার বহু কর্মী-সমর্থক। তাঁদের দাবি, অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।
প্রতিবাদ সভায় উপস্থিত ছিলেন ফালাকাটার বিধায়ক দীপক বর্মন। তিনি বলেন, মহিলাদের নিরাপত্তা আজ রাজ্যে চরম সংকটে। প্রশাসন নীরব দর্শক হয়ে রয়েছে। মহিলা মোর্চার নেত্রীরা অভিযোগ করেন, রাজ্যে মহিলাদের উপর নির্যাতনের ঘটনা লাগাতার বাড়ছে, অথচ সরকার কার্যকর পদক্ষেপ নিচ্ছে না।















