মমতা বন্দ্যোপাধ্যায় এবং ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন দুই তৃণমূলের পাশাপাশি সিপিএম-এর পক্ষ থেকেও প্রার্থী তালিকা ঘোষণার উপরে এবারে দুই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বিজেপি। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর ছেড়ে আসা আসনে বিজেপির বাজি শুভেন্দু অধিকারীর প্রাক্তন আপ্তসহায়ক চন্দ্রনাথ রথের মা হাসিরানী রথ। অন্যদিকে রেজিনগরে প্রার্থী হলেন শখরাভ সরকার। ছাব্বিশের নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুর-দুটি কেন্দ্রেই জয়ী হন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নিয়ম মেনে একটি আসন ছাড়তে হয় তাঁকে। নিজের গড় নন্দীগ্রামের আসনটি ছেড়ে দেন শুভেন্দু। ফলে ওই কেন্দ্র নতুন করে নির্বাচন। অন্যদিকে, মু্র্শিদাবাদের রেজিনগর ও নওদা- জোড়া কেন্দ্রে জেতেন তৃণমূল থেকে বহিষ্কৃত অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা হুমায়ুন কবীর। স্বাভাবিকভাবেই বিধায়ক শূন্য ওই দুই আসন। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের দিন ঘোষণার পরে সবার প্রথমে এই দুই কেন্দ্রে উপনির্বাচনের জন্য নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করেছিল সিপিএম। আইএসএফ অথবা কংগ্রেসের সঙ্গে জোটের কোন সম্ভাবনা না রেখে নিজেদের শক্তিতে জেতার হুঁশিয়ারি দিয়ে এই দুই কেন্দ্রে প্রার্থী দেয় সিপিএম এবং সিপিআই। ৬ অক্টোবর ওই দুই আসনে উপনির্বাচন।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর ছেড়ে যাওয়া নন্দীগ্রামে সিপিআইয়ের টিকিটে লড়বেন শান্তিগোপাল গিরি। হুমায়ুন কবিরের ছেড়ে যাওয়া রেজিনগর আসনে লড়বেন সিপিএম প্রার্থী সইদ আসাদ আলি। তারপরেই ২ কেন্দ্রের উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রাম কালীঘাট তৃণমূলের প্রার্থী সঞ্চিতা প্রধান দে। রেজিনগরে কালীঘাট তৃণমূলের প্রার্থী রবিউল আলম চৌধুরী। রবিউল আলম চৌধুরী রেজিনগরের প্রাক্তন বিধায়ক। ২০২৬ সালের রেজিনগর থেকে রবিউল আলম চৌধুরীকে সরিয়ে নিয়ে গিয়ে বেলডাঙায় প্রার্থী করা হয়েছিল। নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের আসন্ন উপনির্বাচনে এককভাবে প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেস।
শুক্রবার রাতে দিল্লি থেকে দলের প্রার্থীদের নাম প্রকাশ করা হয়। নন্দীগ্রাম কেন্দ্রে কংগ্রেসের হয়ে লড়বেন দীর্ঘদিনের দলীয় কর্মী এবং ভূমি আন্দোলনের সঙ্গে যুক্ত নেতা মিলন প্রধান। নন্দীগ্রামে জমি আন্দোলনের সময় থেকেই তাঁর রাজনৈতিক পরিচিতি তৈরি হয়েছে। এবার সেই অভিজ্ঞতাকেই কাজে লাগাতে চাইছে কংগ্রেস। রেজিনগর আসনে কংগ্রেসের প্রার্থী করা হয়েছে মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য মহম্মদ আবদুল্লাহিল কাফিকে। তিনি বেলডাঙা এলাকা থেকে জেলা পরিষদে নির্বাচিত হয়েছেন এবং বর্তমানে জেলা পরিষদের বিরোধী দলনেতার দায়িত্বেও রয়েছেন।
সংগঠনের সঙ্গে দীর্ঘদিনের যোগাযোগ এবং স্থানীয় রাজনীতিতে তাঁর পরিচিতির উপর ভরসা করেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। গতকালই নন্দীগ্রাম এবং রেজিনগর উপনির্বাচনের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করে দিয়েছে নব তৃণমূল কংগ্রেসের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় শিবির। কালীঘাট তৃণমূল শিবিরের তরফে প্রার্থী নাম ঘোষণা করার চব্বিশ ঘণ্টার মধ্যেই দুটি বিধানসভা উপনির্বাচনের জন্য প্রার্থীদের নাম ঘোষণা করে ঋতব্রতপন্থী তৃণমূল। জানানো হয়, রেজিনগরে তাঁদের প্রার্থী হচ্ছেন সফিউজ্জামান শেখ। অন্যদিকে নন্দীগ্রামে ঋতব্রত শিবিরের প্রার্থী করা হয়েছে মহম্মদ এতেসামুল হককে। তাই তৃণমূলের দুই শিবির, বামফ্রন্ট, কংগ্রেস এবং বিজেপির প্রার্থীরা সরাসরি মুখোমুখি হবেন এই দুই বিধানসভা উপনির্বাচনে।














