বিধানসভা নির্বাচনের ঠিক মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসীতে বড়সড় ধাক্কা খেল বিজেপি। উত্তরপ্রদেশের ১১টি বিধান পরিষদ (এমএলসি) আসনের নির্বাচনে শাসক দলকে কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিল প্রধান বিরোধী দল সমাজবাদী পার্টি (এসপি)। প্রধানমন্ত্রী স্বয়ং এই কেন্দ্রের সাংসদ হওয়া এবং মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ নিজে প্রচার চালানো সত্ত্বেও বারাণসীর শিক্ষক আসনে জয় ধরে রেখেছে অখিলেশ যাদবের দল।
১১টি আসনের মধ্যে বিজেপি জিতেছে ছয়টিতে। অন্যদিকে সমাজবাদী পার্টি ইতিমধ্যে চারটি আসনে জয় তুলে নিয়েছে এবং বারাণসী স্নাতক আসনেও এগিয়ে রয়েছে তারা। শেষ পর্যন্ত এই আসনটিও সমাজবাদী পার্টির ঝুলিতে এলে মোট পাঁচটি আসনে পৌঁছবে তাদের সংখ্যা। গতবারের দুটি আসনের তুলনায় আসন্ন বিধানসভা ভোটের আগে এই ফলাফল বিরোধী শিবিরের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিক অক্সিজেন হিসেবে ধরা হচ্ছে।














