মুখ্যমন্ত্রী হিসেবে প্রথমবার আন্তর্জাতিক মঞ্চে পা রাখতে চলেছেন শুভেন্দু অধিকারী। শনি ও রবিবার দিল্লির ভারত মণ্ডপমে অনুষ্ঠিত হতে চলা ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে রাজধানী উড়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, শনিবার দুপুর বা বিকেলের দিকে দিল্লিতে পৌঁছবেন তিনি।তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হওয়ার পর দেশে এটিই প্রথম বড় আন্তর্জাতিক সম্মেলন, যাতে তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছে।
মোদি সরকারের তরফে সম্মেলনে শামিল করা হয়েছে দেশের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীকেও। প্রথম দিন সম্মেলন শেষে বিদেশি অতিথিদের সম্মানে আয়োজিত নৈশভোজে যোগ দেওয়ার আমন্ত্রণপত্র ইতিমধ্যে পৌঁছেছে শুভেন্দুর কাছে বলে সূত্রের দাবি। সেই নৈশভোজে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো রাষ্ট্রনেতাদের পাশাপাশি থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও।এদিকে শুভেন্দুর এই সফর ঘিরে রাজনৈতিক ও শিল্পমহলেও কৌতূহল তৈরি হয়েছে। সূত্রের খবর, দিল্লির কর্মসূচি সেরে মুখ্যমন্ত্রী সরাসরি চলে যেতে পারেন মুম্বই, যেখানে রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানির সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে।













