Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ভারতের ভোটার পরিচয়পত্র ব্যবস্থার প্রশংসা, সেভ আমেরিকা আইন পাশের দাবিতে সরব ট্রাম্প

ভারতের ভোটার পরিচয়পত্র ব্যবস্থার প্রশংসা, সেভ আমেরিকা আইন পাশের দাবিতে সরব ট্রাম্প

মার্কিন যুক্তরাষ্ট্রে কড়া ভোটার পরিচয়পত্র আইন কার্যকরের দাবিতে ভারতের নির্বাচনী ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ এক বার্তায় তিনি ভারতে চালু থাকা ভোটার সচিত্র পরিচয়পত্র (ভোটার আইডি) ব্যবস্থার উদাহরণ টেনে ‘সেভ আমেরিকা অ্যাক্ট’ দ্রুত পাশ করার জন্য মার্কিন কংগ্রেসের কাছে জোর সওয়াল করেছেন। তিনি দাবি করেন, চলতি মাসের শুরুতে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার মার্কিন প্রশাসনকে প্রশ্ন করেছিলেন যে, বৈধ সচিত্র পরিচয়পত্র ছাড়া আমেরিকায় কীভাবে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।

 

ভারতের ২০২৪ সালের লোকসভা নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরে ট্রাম্প উল্লেখ করেন, ভারতে প্রায় ৬৪ কোটি ৬০ লক্ষ ভোটার ভোট দিয়েছেন, যেখানে মাত্র এক শতাংশেরও কম ভোট পড়েছে ডাকযোগে (পোস্টাল ব্যালট) এবং প্রত্যেক ভোটারকে ভোট দিতে বৈধ সচিত্র পরিচয়পত্র দেখাতে হয়েছে। ভারতের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মোট ৬৪.৬৪ কোটি ভোট পড়েছিল এবং ডাকযোগে জমা পড়েছিল প্রায় ৪২.৮২ লক্ষ ভোট, যা মোট ভোটের মাত্র ০.৬৬ শতাংশ। মার্কিন প্রেসিডেন্ট একে মডেল হিসেবে তুলে ধরে বলেন, মার্কিন নির্বাচনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা বজায় রাখতে কালবিলম্ব না করে সেভ আমেরিকা আইন পাশ করা অত্যন্ত জরুরি।

 

হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, এই প্রস্তাবিত আইনের মূল লক্ষ্য হলো যাতে কেবল আমেরিকার বৈধ নাগরিকরাই দেশের জাতীয় বা ফেডারেল নির্বাচনে ভোট দিতে পারেন তা সুনিশ্চিত করা। এই আইনে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে মার্কিন নাগরিকত্বের প্রমাণপত্র এবং ভোটকেন্দ্রে ভোটদানের সময় ছবিসহ পরিচয়পত্র বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। পাশাপাশি ভোটার তালিকা থেকে অ-নাগরিকদের নাম চিহ্নিত করে বাদ দেওয়া এবং ডাকযোগে ভোটদানের ক্ষেত্রেও কড়া পরিচয়পত্র যাচাইয়ের প্রস্তাব রাখা হয়েছে। তবে এই সংক্রান্ত বিলটি এখনও মার্কিন আইনসভায় আলোচনার পর্যায়ে রয়েছে এবং চূড়ান্ত অনুমোদন পাওয়ার অপেক্ষায় রয়েছে।

READ MORE.....