স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে উদ্যোগী স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়। বৃহস্পতিবার দুপুরে হঠাৎ বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালে সারপ্রাইজ ভিজিটে আসেন স্বাস্থ্যমন্ত্রী। হাসপাতালের বিভিন্ন জায়গা পরিদর্শন করেন। কথা বলেন আধিকারিক, রোগী ও রোগী পরিবারের সাথে। এদিন পরিষেবায় চূড়ান্ত অব্যবস্থা দেখে ক্ষোভপ্রকাশ করে বলেন, কাউকে দোষ দিয়ে লাভ নেই। দোষ পশ্চিমবঙ্গ সরকারের, সে সরকারে যে-ই থাকুক না কেন। এখন দোষ আমার কাঁধে। সে বোঝা যে-ই বানাক, সেই বোঝা আমার কাঁধে। এখন বোঝা হালকা করার দায়িত্ব আমার।
বারাসত হাসপাতাল থেকেই তাঁর স্পষ্ট হুঁশিয়ারি, হাসপাতালে দালালদের ঠাঁই হবে না। হাসপাতালে চিকিৎসক, চিকিৎসা কর্মী, রোগী ও তাঁদের বাড়ির লোকদের জন্য বিশেষ ব্যান্ড বা ব্যাজের ব্যবস্থা করা হচ্ছে। সকলকে শনাক্তকরণের জন্য অ্যাইডেন্টিফিকেশন ব্যাজ দেবে স্বাস্থ্যভবন। বাকিরা দালাল। পাশাপাশি রেফার রোগ রুখতে প্রান্তিক এলাকার হাসপাতালগুলি উন্নয়নের দিকেও পাকাপাকি ব্যবস্থা গ্রহনের কথাও জানান স্বাস্থ্যমন্ত্রী। যত্রতত্র বিড়ালের ঘোরাঘুরি, ওষুধের তাকে জমে থাকা ধূলো, ছাদের বেহাল দশা, সবটা নিয়েই রীতিমতো উদ্বেগ প্রকাশ করেন।
একইসঙ্গে এদিন হাসপাতালের ছাদে উঠতে গিয়ে প্রায় ২০ মিনিট দাঁড়িয়ে থাকতে হয় স্বাস্থ্যমন্ত্রীকে। কারণ, চাবিই নাকি পাওয়া যাচ্ছিল না। খানিক উদ্বেগের সঙ্গেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী বলেন, স্বচ্ছতা, পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব রয়েছে।বাথরুমের অবস্থা শোচনীয়। বেডের অভাব রয়েছে। সবটাই দেখেছি। এই সারপ্রাইজ ভিজিট চলবে বলে জানান স্বাস্থ্য মন্ত্রী। তিনি আরও বলেন, আচমকা ভিজিটের অনেক প্ল্যান আছে। সব হাসপাতাল ভাববে আজ আসবে। কিন্তু আমাদের কোনও প্ল্যান ভিজিট থাকবে না। সবই আচমকা হবে। আমি বলে এলে তো সব ঝাঁ চকচকে থাকবে।













