Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

অন্নপূর্ণা উপভোক্তাদের বার্তা প্রধানমন্ত্রীর

অন্নপূর্ণা উপভোক্তাদের বার্তা প্রধানমন্ত্রীর

৪ মে পশ্চিমবঙ্গে যে পালাবদল হয়েছে, তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মা-বোনদের। তাই এ রাজ্যে বিজেপি সরকারের ‘প্রথম পরীক্ষা’-ই ছিল মহিলাদের উন্নয়ন। এই পরীক্ষায় বিজেপির মূলমন্ত্র ছিল কথা কম, কাজ বেশি। অন্নপূর্ণা যোজনার সূচনা সেই ভাবনাচিন্তা থেকেই।’ এভাবেই বৃহস্পতিবার ১৭ সেপ্টেম্বর নিজের জন্মদিনে পশ্চিমবঙ্গের অন্নপূর্ণা যোজনা উপভোক্তা মহিলাদের উদ্দেশ্যে প্রতিশ্রুতি রক্ষার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে বৃহস্পতিবার নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে ‘অন্নপূর্ণা দিবস’ পালনের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। দিনটিকে স্মরণীয় করে রাখতে ভবানীপুরে প্রধানমন্ত্রীর জন্মদিন উদ্যাপনের পাশাপাশি, মহিলাদের নিয়ে ‘অন্নপূর্ণা দিবস’ পালন করেন তিনি। সেখানেই ভার্চুয়াল মাধ্যমে ভাষণ দেন মোদী। তিনি জানান, মহিলাদের আত্মবিশ্বাস মজবুত করার জন্যই এই অন্নপূর্ণা যোজনা। মহিলাদের যখন সংসারের খরচের চিন্তা কমে, তখনই তাঁদের আত্মবিশ্বাস বাড়ে। প্রতি মাসে এই যোজনার ৩০০০ টাকা তাঁদের বড় সম্বল। তাঁর কথায়, ‘বৃহস্পতিবার দেড় কোটি বোনের খাতায় অন্নপূর্ণা যোজনার চতুর্থ কিস্তি পৌঁছোচ্ছে।

 

আমরা চাই, বাংলার মহিলারা সিদ্ধান্ত নিন, এগিয়ে যাওয়ার সাহস হোক তাঁদের।’ পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের মহিলাদের জন্য কী কী করেছে তাঁর সরকার, তা-ও তুলে ধরেছেন প্রধানমন্ত্রী। তিনি জানান, অন্তঃসত্ত্বা এবং স্তন্যদায়ী মহিলাদের জন্য মাতৃবন্দনা যোজনা চালু করা হয়েছে। কন্যাভ্রূণ হত্যা বন্ধ করতে এবং মেয়েদের শিক্ষা ও সুরক্ষার জন্য ‘বেটি বঁচাও বেটি পঢ়াও’ শুরু হয়েছে। মেয়েরা বড় হলে যাতে স্কুলছুট না হয়, তাই স্কুলে শৌচালয় তৈরি করানো হয়েছে। মেয়েদের ভবিষ্যৎ ও শিক্ষার জন্য ‘সুকন্যা সমৃদ্ধি যোজনা’ চালু করা হয়েছে। উজ্জ্বলা যোজনায় মহিলাদের গ্যাস সংযোগ, সৌভাগ্য যোজনায় বিদ্যুৎহীন পরিবারগুলিকে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে, আয়ুষ্মান ভারত যোজনায় স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়া হয়েছে।

 

মহিলারা যাতে বাড়ির মালিকানা থেকে বঞ্চিত না হন, তাই পিএম আবাস যোজনায় তাঁদের নামে বা যৌথ মালিকানায় বাড়ি দেওয়ার উপর জোর দেওয়া হয়েছে। এর পরেই পূর্বতন তৃণমূল সরকারের দিকে আঙুল তুলে মোদী বলেন, ‘বাংলার লোকজনের বড় সমস্যা হল, কেন্দ্রের অনেক যোজনার সুবিধা থেকে তাঁরা দীর্ঘদিন বঞ্চিত হয়েছেন। বিজেপি ক্ষমতায় এসে সব থেমে থাকা যোজনার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে।’ ৫০ লক্ষেরও বেশি পরিবারকে চিহ্নিত করে তাঁদের পাকা বাড়ি দেওয়ার কথা জানিয়েছেন মোদী। তাঁর কথায়, ‘সবাই মিলে গড়ব নতুন বাংলা।’

READ MORE.....