শ্রীরামপুরে মমতাকে সভা করার জন্য শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন শর্তসাপেক্ষে শ্রীরামপুরে তৃণমূল নেত্রী সভা করতে পারবেন। সভায় সর্বোচ্চ ১ হাজার কর্মী সমর্থকের জমায়েত করা যাবে। জিটি রোড আটকে কোনও মিছিল করা যাবে না।
২৬ সেপ্টেম্বর বিকেল ৪ টে থাকে সন্ধ্যে ৬ টা পর্যন্ত সভা বা কর্মসূচি করতে পারবেন মমতা। শ্রীরামপুর কোর্টের মাঠে সভা করতে পারবেন তিনি। যদিও মাত্র ১ হাজার কর্মী নিয়ে সভায় তীব্র আপত্তি জানান তৃণমূলের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তিনি বিচারপতি সৌগত ভট্টাচার্যের আগের রায়ের উল্লেখ করে বলেন, হাইকোর্ট তো আগে ২ হাজার লোক নিয়ে সভা করা যাবে বলেছিল এখন কেন তা কমিয়ে ১ হাজার করতে হবে। রাজ্যের তরফে যুক্তি দেওয়া হয়, স্নানপিড়ির মাঠের মত কোর্টের মাঠ বড় নয়। মমতা জেড প্লাস নিরাপত্তা পান। তাই তাঁর মঞ্চের সামনে ফাঁকা জায়গা রাখতে হবে। তার পর যে জায়গা বাঁচবে সেখানে ২ হাজার বা তখন বেশী লোক জমায়েত করলে বিশৃঙ্খল পরিস্থিতি হবে। পদপিষ্ট হতে পারেন অনেকে।
পাল্টা কল্যাণ বলেন ওই মাঠ এবং সংলগ্ন এলাকায় তো নামী শিল্পীরা অনুষ্ঠান করে গেছেন সেখানে তো হাজার হাজার মানুষ অনুষ্ঠান দেখতে এসেছেন পদপিষ্ট তো কেউ হয়নি। সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষালের অনুষ্ঠানে ওই মাঠেই তো ৫০ হাজার লোক হয়েছিল তখন তো বিশৃঙ্খলা হয়নি। মমতা সভা করলে মাত্র ২ হাজার লোক হলে বিশৃঙ্খলা হয়ে যাবে! যদিও দুপক্ষের সওয়াল শুনে শেষ পর্যন্ত ১ হাজার লোক নিয়ে সভাতেই সম্মতি দেন বিচারপতি ভট্টাচার্য। এর আগে গত শুক্রবার শ্রীরামপুর স্নানপিড়ি ময়দানে মমতার সভার পর সেখান থেকে কোর্ট পর্যন্ত মিছিলের কর্মসূচি ছিল যদিও তাতে অনুমতি দেয়নি পুলিশ। শেষ পর্যন্ত জল গড়ায় আদালতে।
বিচারপতি সৌগত ভট্টাচার্যের সিঙ্গল বেঞ্চ মমতাকে স্নানপিড়ি ময়দানে ২০০০ লোক নিয়ে সভা করার অনুমতি দেয় যদিও মিছিল বাতিল করতে বলেন। রাজ্য সরকার এই রায়কে চ্যালেঞ্জ করে বিচারপতি ঘুগের ডিভিশন বেঞ্চে যায়। তারা জানায় স্নানপিড়ি মাঠে সভা সম্ভব নয় কারণ ওই মাঠ মহেশ জগন্নাথ মন্দির ট্রাস্টি বোর্ডের। তারা রাজনৈতিক কর্মসূচিতে মাঠ দিতে চায় না। বিকল্প হিসাবে রাধাবল্লভ মন্দিরের কাছে জলকল মাঠের প্রস্তাব দেয় রাজ্য সেই প্রস্তাব তৃণমূল মানেনি। মামলা ফেরৎ যায় বিচারপতি ভট্টাচার্যের বেঞ্চে। বৃহস্পতিবার সেই মামলার-ই চুড়ান্ত রায় দিল হাইকোর্ট।














