আপাতত বন্ধ ‘পুষ্পা’ জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ। আপাতত থমকে জাহাঙ্গির খানের বাড়ি ভাঙার কাজ বন্ধ রাখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। মামলার পরবর্তী শুনানি সোমবার। ততদিন বন্ধ থাকবে বাড়ি ভাঙার কাজ। বেআইনি নির্মাণের অভিযোগে জাহাঙ্গিরের বাড়ি ভাঙার নির্দেশ দিয়েছে নিম্ন আদালত। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করেই হাই কোর্টের দ্বারস্থ হন ফলতার ‘পুষ্পা’। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ এই নেতা ফলতায় তৃণমূলের টিকিটে ভোটে দাঁড়িয়েছিলেন। ব্যাপক অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশন ওই কেন্দ্রের ভোট বাতিল করে এবং নতুন করে ভোট হয়।
প্রার্থী হিসেবে তখন নিজের নাম তুলে নিয়েছিলেন জাহাঙ্গির। পরে তোলাবাজি, ভয় দেখানো-সহ একাধিক অভিযোগে তাঁকে এবং তাঁর স্ত্রীকে পুলিশ গ্রেফতার করে। সেই থেকে দু’জনেই জেলবন্দি। মামলাকারী জেলে থাকাকালীন কী ভাবে তাঁর বাড়ি চিহ্নিত করে ভাঙার কাজ শুরু হল, প্রশ্ন তুলেছেন বিচারপতি ঘোষ। রাজ্যের উদ্দেশে তিনি বলেন, কী ভাবে জানলেন বাড়িটি জাহাঙ্গিরের?
উনি তো জেলে আছেন। নোটিস কোথায়? তৃণমূল যখন ক্ষমতায় তখন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ ছিলেন জাহাঙ্গির খান। বিরোধীরা অভিযোগ করত, অভিষেকের হাত মাথায় থাকাতেই, দোর্দণ্ডপ্রতাপ হয়ে উঠেছিলেন তিনি। বিজেপি ক্ষমতায় আসার পর, জাহাঙ্গিরের বিরুদ্ধে ফলতা থানায় এই নিয়ে অভিযোগ দায়ের করেন, বিজেপি নেতা বিধান পাড়ুই। অভিযোগ, প্রায় ৫ কাঠা সরকারি খাস জমির ওরর বেআইনিভাবে তিনতলা বাড়ি তৈরি করেছিলেন তিনি। অভিযোগকারী ও বিজেপি নেতা বিধান পাড়ুই বলেন, ‘ও(জাহাঙ্গির খান) যেভাবে সরকার পক্ষে থেকে, নিজের ক্ষমতার অপব্যবহার করে, অবৈধভাবে কনস্ট্রাকশন তৈরি করে এবং লুঠপাটের অর্থ দিয়ে। প্রতিহিংসার কোনও প্রশ্নই আসে না।
ওঁর(জাহাঙ্গির খান) সরকারের আমলেই, তৃণমূল সরকারের আমলেই প্রশাসনিক তদন্ত আরম্ভ হয়।’ প্রশাসনের বক্তব্য, জাহাঙ্গিরের নামে বেশ কয়েক বার নোটিস পাঠানো হয়েছিল। তাঁকে শুনানির জন্য তলবও করা হয়। কিন্তু তিনি হাজিরা দেননি। এর পর বাড়িটি ভেঙে ফেলার নোটিস পাঠায় জেলা প্রশাসন। সাত দিনের মধ্যে বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ দেওয়া হয়েছিল। কিন্তু তা কার্যকর করা হয়নি। তার পরেই বুধবার বাড়িটি ভেঙে ফেলতে উদ্যোগী হন প্রশাসনিক কর্তারা। ফলতার বিডিও সন্দীপ সিংহ রায়, পুলিশ আধিকারিক, অসামরিক প্রতিরক্ষা ও বিদ্যুৎ পর্ষদের কর্মীদের উপস্থিতিতে বাড়ি ভাঙার কাজ চলেছে টানা দু’দিন। হাই কোর্টে জাহাঙ্গিরের আইনজীবী কিশোর দত্তের সওয়াল, তাঁর মক্কেল জেলবন্দি।
নোটিস তিনি পাননি। প্রশাসনের তলবে হাজিরাও তাই দিতে পারেননি। রাজ্যের তরফে অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ মিত্র আদালতে জানিয়েছেন, স্থানীয় দু’জন বাসিন্দা জাহাঙ্গিরের বাড়ি চিনিয়ে দেন প্রশাসনের আধিকারিকদের। তার আগে ডাকযোগে নোটিস পাঠানো হয়েছিল। গোটা প্রক্রিয়ার ভিডিয়ো করা হয়েছে। নোটিস সাঁটানোর ভিডিয়োও রয়েছে বলে জানান রাজ্যের আইনজীবী। তাঁর দাবি, জাহাঙ্গির সব জানতেন। কিন্তু মামলাকারীর আইনজীবীর সওয়াল, নোটিসে কোনও স্বাক্ষর ছিল না। উল্টে হাই কোর্টে মামলা হওয়ার পর ভাঙার গতি কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয় বৃহস্পতিবার। দ্রুত গতিতে বাড়ির অনেকটা অংশ ভেঙে ফেলা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি।














