পুলিশকর্তার সঙ্গে অপরাধজগতের যোগসাজশের অভিযোগে আরও জোরালো হল সোনা পাপ্পু-কাণ্ডের তদন্ত। কলকাতা পুলিশের প্রাক্তন ডেপুটি কমিশনার শান্তনু সিংহ বিশ্বাসের সম্পত্তির উপর এবার হস্তক্ষেপ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তাঁর পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠদের সঙ্গে সম্পর্কিত মোট ২ কোটি ৭৮ লক্ষ টাকার স্থাবর সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বৃহস্পতিবার প্রকাশিত ইডির বিবৃতিতে এই পদক্ষেপের কথা জানানো হয়েছে। তদন্তকারীদের নজরে এসেছে কলকাতার তিনটি ফ্ল্যাট এবং মুর্শিদাবাদের কান্দিতে থাকা জমি। ইডির দাবি, অপরাধের মাধ্যমে অর্জিত অর্থ ব্যবহার করেই এই সম্পত্তিগুলি কেনা হয়েছিল। সম্পদের প্রকৃত মালিকানা আড়াল করতে পরিবারের সদস্য, পরিচিত ব্যক্তি এবং বিভিন্ন সংস্থার নামে সম্পত্তি রাখা হয়েছিল বলেও অভিযোগ কেন্দ্রীয় সংস্থার।
এই তদন্তে প্রাক্তন পুলিশকর্তার ভূমিকা নিয়েও গুরুতর অভিযোগ তুলেছে ইডি। সংস্থার দাবি, কালীঘাট থানার ওসি থাকাকালীন শান্তনু সিংহ বিশ্বাসের সঙ্গে জয় এস কামদারের ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তী সময়ে ওই সম্পর্ককে কাজে লাগিয়ে পুলিশ প্রশাসনের ভিতরে নিজের প্রভাব বাড়িয়েছিলেন কামদার। ইডির বক্তব্য, শান্তনু প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অন্তত ২ কোটি ৮৯ লক্ষ টাকার অপরাধলব্ধ সম্পদ সংগ্রহ করেছিলেন এবং সেগুলির মালিকানা গোপন রাখার চেষ্টা করেছিলেন। সোনা পাপ্পু ওরফে বিশ্বজিৎ পোদ্দার এবং জয় কামদারের বিরুদ্ধে খুন, তোলাবাজি ও জমি দখলের অভিযোগে পশ্চিমবঙ্গ পুলিশের দায়ের করা একাধিক এফআইআরের সূত্র ধরে অর্থ তছরুপের তদন্ত শুরু করে ইডি।
চলতি বছরের এপ্রিল ও মে মাসে কলকাতা এবং আশপাশের এলাকায় চার দফায় তল্লাশি চালানো হয়। শান্তনুর বাড়ি-সহ একাধিক জায়গায় অভিযান চালিয়ে নগদ ১ কোটি ৬৪ লক্ষ টাকা, সোনার গয়না, টয়োটা ফরচুনার গাড়ি, বেআইনি রিভলভার এবং বেশ কিছু নথি ও ডিজিটাল সামগ্রী উদ্ধার হয়। এই মামলায় জয় কামদার, শান্তনু সিংহ বিশ্বাস এবং সোনা পাপ্পু বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছেন। তাঁদের বিরুদ্ধে পর্যায়ক্রমে মূল ও সম্পূরক প্রসিকিউশন কমপ্লেনও জমা দিয়েছে ইডি। হোসেনপুরের দুটি ফ্ল্যাটের মালিকানা নিয়েও প্রশ্ন তুলেছে তদন্তকারী সংস্থা। ইডির দাবি, একটি সংস্থার নামে কেনা হলেও ফ্ল্যাট দুটির প্রকৃত সুবিধাভোগী ছিলেন প্রাক্তন ডিসিপি শান্তনু। ফলে এই মামলায় শুধু অপরাধলব্ধ অর্থের উৎস নয়, পুলিশ প্রশাসনের সঙ্গে অভিযুক্তদের সম্পর্ক এবং সম্পত্তি লুকোনোর পদ্ধতিও তদন্তের কেন্দ্রে চলে এসেছে। ইডি জানিয়েছে, তদন্ত এখনও চলছে।














