সদ্য প্রয়াত প্রাক্তন মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়ের পরিবারের সঙ্গে দেখা করে পাশে থাকার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শনিবার বীরভূম সফরে গিয়ে রামপুরহাটে আশিসবাবুর বাড়িতে যান তিনি। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পাশাপাশি প্রয়াত নেতাকে নিয়ে পুরনো স্মৃতিও ভাগ করে নেন মুখ্যমন্ত্রী।বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, এখানকার লোকজন আশিস বন্দ্যোপাধ্যায়কে খুব শ্রদ্ধা করতেন। আমি মুখ্যমন্ত্রী হয়ে আজ এসেছি।
তাঁদের সকলের সঙ্গে কথা বললাম। আশিসবাবু কৃষিমন্ত্রী থাকাকালীন একটি সরকারি অনুষ্ঠানে তাঁকে কালীমূর্তি দেওয়ার কথাও জানান তিনি। মুখ্যমন্ত্রীর কথায়, সেই মূর্তি আশিসবাবু প্রতিদিন পুজো করতেন।পরিবারের পাশে থাকার বার্তা দিয়ে শুভেন্দু বলেন, বৌদি আমার উপর ভরসা রেখেছেন। ফোন নম্বর দিয়ে এসেছি।
বলেছি, দাদাকে তো ফেরাতে পারব না, তবে সমস্যা হলে অবশ্যই পাশে থাকব।এ দিন আশিসবাবুর ছেলে বলেন, মুখ্যমন্ত্রীর উপর আমাদের পূর্ণ আস্থা রয়েছে। পরিবারের নিরাপত্তা বাড়ানোর প্রয়োজন রয়েছে কি না, তা নিয়েও তাঁদের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী।গত ১৬ অগস্ট রামপুরহাটে বাড়ির লাগোয়া পার্টি অফিস থেকে আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃতদেহ উদ্ধার হয়। ঘটনাটি নিয়ে তদন্ত করছে বীরভূম জেলা পুলিশ। তাঁর লেখা একটি নোটও উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বিধানসভার ডেপুটি স্পিকার ছিলেন আশিস বন্দ্যোপাধ্যায়।














