একমাসের মধ্যে তৃতীয়বার। ফের উত্তরবঙ্গ সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । প্রশাসনিক সূত্রে খবর, আগামী সোমবার শিলিগুড়িতে জেলা শাসকদের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এসআইআর আবহে তৃণমূল সুপ্রিমোর এই জরুরি বৈঠকের দিকে নজর উত্তরের রাজনৈতিক মহলের।
সোমবার বাগডোগরা বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী সোজা চলে যাবেন উত্তরকন্যায়। উত্তরবঙ্গের পাঁচ জেলা শাসক এবং অন্যান্য প্রশাসনিক কর্তাদের সঙ্গে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করবেন তিনি। ইতিমধ্যেই নবান্নের পক্ষ থেকে জেলাশাসককে সেই বৈঠকে উপস্থিত থাকার নির্দেশিকাও পাঠানো হয়েছে।
গত ৪ অক্টোবর বিপর্যয়ের পর দু’বার উত্তরবঙ্গে এসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিপর্যস্ত একাধিক এলাকা ঘুরে দেখার পাশাপাশি মৃতদের পরিবারের হাতে তুলে দিয়েছেন চাকরির নিয়োগপত্র। তবে এবারে মুখ্যমন্ত্রীর উত্তরবঙ্গ সফরের দিকে বাড়তি নজর রয়েছে ওয়াকিবহাল মহলের।
কারণ বাংলায় এসআইআর ঘোষণার আগেই প্রশাসনিক স্তরে রদবদল করেছে রাজ্য সরকার। যার মধ্যে উত্তরবঙ্গের বেশ কয়েকজন জেলা শাসকও রয়েছেন। আবার এই মুহূর্তে এসআইআর চলছে গোটা রাজ্যে। সুতরাং এসআইআর আবহে উত্তরবঙ্গের ৫ জেলা শাসকের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক নিঃসন্দেহে গুরুত্ব রাখে।















