‘কোনও ঘাটে দখলদারি চলবে না।’ ছট পুজোর প্রস্তুতির জন্য রবিবার সকালে পর্ণশ্রী ঘাটে অগ্নিমিত্রা পাল ফের একবার মনে করিয়ে দিলেন, পূণ্যার্থীরা যখন আসবেন, তখন পুজো দেবেন। যে কোনও জরুরি পরিস্থিতিতে তৎক্ষণাৎ খবর দিতে ঘাটগুলিতে এমারজেন্সি নম্বর দেওয়া থাকবে। পুজো কমিটির একজন সদস্যের সঙ্গে কলকাতা পুলিশের কথা বলানো হবে। অগনিমিত্রার নির্দেশ, কোন শিশুকে ঘাটে নামতে দেওয়া যাবে না। পুজোর পর কোনও প্লাস্টিক যেন ঘাটে না থাকে সেদিকে কড়া নজর রাখতে হবে। ঘাটের পাশে যে বাথরুম রয়েছে, সেটা যেন পরিষ্কার থাকে।
কলকাতা কর্পোরেশনের পক্ষ থেকে ঘাটগুলি যেমন পরিষ্কার করা হয়েছে, পুজোর পরও যেন তেমনি পরিষ্কার থাকে। পাশাপাশি অগ্নিমিত্রা পালের প্রতিশ্রুতি, আগামীদিনে পর্ণশ্রী ঘাটের পাড় সিমেন্ট দিয়ে বাঁধিয়ে দেওয়া হবে। অন্যদিকে, ছটপুজো উপলক্ষে কলকাতার গঙ্গার ঘাটগুলিতে এবার দেখা গেল এক অভিনব উদ্যোগ। বাগবাজার ঘাট-সহ উত্তর কলকাতা থেকে দক্ষিণ কলকাতার বিভিন্ন ঘাটে মিস্ট ক্যাননের সাহায্যে ছড়ানো হল গোলাপজল। উৎসবের পরিবেশকে আরও মনোরম করে তুলতে এবং শহরের ধুলো ও দূষণ নিয়ন্ত্রণে রাখতে কলকাতা পুরসভার এই বিশেষ ব্যবস্থা। ছটপুজোর দু’দিন শহরের বিভিন্ন রাস্তা থেকে শুরু করে হুগলি নদীর ঘাট পর্যন্ত গোলাপজল স্প্রে করার সিদ্ধান্ত নিয়েছে পুরসভা। পুরসভার এই উদ্যোগকে ঘিরে ইতিমধ্যেই তৈরি হয়েছে বিশেষ আগ্রহ।
কালীপুজো ও দীপাবলির পরেই বায়ুদূষণ নিয়ন্ত্রণে বিশেষ উদ্যোগের কথা জানিয়েছিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। তাঁর বক্তব্য ছিল, শহরের রাস্তাঘাটে নিয়মিত জল স্প্রে করার পাশাপাশি দুর্গাপুজো, কালীপুজো এবং ছটপুজোর মতো বিশেষ উৎসবের দিনগুলিতে জলের সঙ্গে গোলাপজল মিশিয়ে ছড়ানোর ব্যবস্থা করা হবে। এর ফলে একদিকে ধুলো নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে, অন্যদিকে শহরের বাতাসে ছড়িয়ে পড়বে গোলাপের সুগন্ধ। পুরমন্ত্রীর সেই পরিকল্পনাকে বাস্তবায়িত করতেই কমিশনারের দফতরে শুরু হয় তৎপরতা।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর প্রথম উৎসবের মরশুমে মাতোয়ারা রাজ্যবাসী।
চলছে ছট পুজো। পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল আগেই জানিয়েছিলেন, ‘প্রত্যেকটি পুকুর-লেক-গঙ্গার ঘাটে ছট পুজো হবে এবার। পুকুরগুলিতে পেভার ব্লক দিয়ে অস্থায়ী রাস্তা তৈরি করা হবে ছটের পুণ্যার্থীদের জন্য। সব ঘাটে থাকবে চেঞ্জিং রুম, বায়ো টয়লেট। সূর্যোদয়ের আগে ছটপুজোর নিয়ম আছে, সে কথা মাথায় রেখেই পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হবে। দিক নির্দেশনায় বিভিন্ন এলাকায় সাইনবোর্ড টাঙানো হবে।’ ছটপুজোর আগে থেকেই পুজোর আয়োজন, ভিড় নিয়ন্ত্রণ, জলোচ্ছ্বাস বা জোয়ারের সময় কী পরিস্থিতি হবে এবং পরিচ্ছন্নতার ব্যবস্থা খতিয়ে দেখতে তিনি নিজে লঞ্চ বা নৌকা নিয়ে কলকাতার বিভিন্ন গঙ্গার ঘাট এবং জলাশয় পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের কমিশনার-সহ প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। অগ্নিমিত্রার স্পষ্ট নিদান, পুণ্যার্থীদের নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখা হবে না।














