ইডেনে মহালয়ার মেগা শোতে আসর মাতালেন একের পর এক শিল্পীরা। নাচেগানে দুর্গোৎসবের আনন্দে মাতল শহর কলকাতা। বিজেপি সরকারের তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শাসনামলে বঙ্গে এটাই প্রথম দুর্গাপুজো। স্বাভাবিকভাবেই প্রত্যাশা রয়েছে প্রচুর। এদিনের অনুষ্ঠান সেই প্রত্যাশাকেই যেন পূরণ করে দিল।
এবারের পুজো প্রতিবারের থেকে অনেকটা আলাদা। কারণ, মহালয়ায় মেগা ইভেন্টের আয়োজন করেছে বিজেপি সরকার। শনিবার বিকেলে নির্ধারিত সময়ে ঢাকের বোল, আদিবাসী নাচ ও লগ্নজিতা চক্রবর্তীর গানের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠান। ইডেনে রয়েছেন জুন মালিয়া, স্বপন দাশগুপ্ত, সুখেন্দুশেখর রায়-সহ অন্যান্যরা। লাল শাড়িতে সেজে পৌঁছে গিয়েছেন শিল্পী ইমন চক্রবর্তী। এদিকে রেড রোড থেকে শোভাযাত্রা নিয়ে ইডেনে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর সঙ্গে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত-সহ বহু তারকা। মঞ্চে রয়েছেন তসলিমা নাসরিনও। সব মিলিয়ে মহালয়ার উৎসবের আনন্দে ভাসল তিলোত্তমা।














