Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

ছটপুজোয় বাগবাজারের মায়ের ঘাটে প্রবেশ নিষেধ, বিকল্প কাশী মিত্র ঘাট, রবীন্দ্র সরোবরও বন্ধ

ছটপুজোয় বাগবাজারের মায়ের ঘাটে প্রবেশ নিষেধ, বিকল্প কাশী মিত্র ঘাট, রবীন্দ্র সরোবরও বন্ধ

ছটপুজোয় পুণ্যার্থীদের ভিড় সামলানো এবং নিরাপত্তা নিশ্চিত করতে কলকাতার একাধিক জলাশয় ও গঙ্গার ঘাট নিয়ে বিশেষ ব্যবস্থা করল প্রশাসন। এ বছর বাগবাজারের মায়ের ঘাটে ছটপুজো করা যাবে না। পরিবর্তে পুণ্যার্থীদের জন্য কাশী মিত্র ঘাটে বিকল্প ব্যবস্থা করা হচ্ছে। অন্য দিকে, পরিবেশ ও জলাশয়ের জীববৈচিত্র্য রক্ষায় ১৪ নভেম্বর দুপুর ২টো থেকে ১৬ নভেম্বর দুপুর ২টো পর্যন্ত বন্ধ থাকবে রবীন্দ্র সরোবরের সমস্ত প্রবেশপথ।

 

কলকাতা পুলিশের পোর্ট ডিভিশনের সিদ্ধান্ত অনুযায়ী, বাগবাজারের মায়ের ঘাটে এ বার কোনও পুণ্যার্থীকে নামতে দেওয়া হবে না। ভিড় ও নিরাপত্তাজনিত বিষয় বিবেচনা করেই এই পদক্ষেপ। ছটব্রতীদের কাশী মিত্র ঘাটে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি কুমারটুলি ও চাপাতলার ঘাটও ব্যবহার করতে পারবেন পুণ্যার্থীরা। পুজো কমিটিগুলিকেও বিকল্প ঘাটের কথা মাথায় রেখে আয়োজন করার আবেদন জানিয়েছে পুলিশ।

 

রবীন্দ্র সরোবরের ক্ষেত্রেও কড়াকড়ি থাকছে। কেএমডিএ-র তরফে জানানো হয়েছে, ১৪ নভেম্বর দুপুর ২টো থেকে ১৬ নভেম্বর দুপুর ২টো পর্যন্ত সরোবর চত্বরে সাধারণের প্রবেশ বন্ধ থাকবে। গত কয়েক বছরে ছটপুজোর সময় সেখানে বিপুল জমায়েত, বাজি ফাটানো এবং শব্দদূষণ নিয়ে অভিযোগ উঠেছিল। পাখি, মাছ-সহ সরোবরের অন্যান্য প্রাণীর সুরক্ষার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত। এ দিকে, শহরের বাকি ঘাটগুলিতে পুজোর প্রস্তুতি খতিয়ে দেখেছেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। বুধবার পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাই এবং পুর কমিশনার স্মিতা পাণ্ডেকে সঙ্গে নিয়ে জলপথে কলকাতা ও হাওড়ার গঙ্গার ঘাট পরিদর্শন করেন তিনি।

 

পুরমন্ত্রী জানিয়েছেন, গঙ্গার ঘাটের পাশাপাশি বিভিন্ন পুকুর ও জলাশয়েও ছটপুজোর আয়োজন করা হবে। পুণ্যার্থীদের সুবিধার জন্য ঘাটগুলিতে পুরুষ ও মহিলাদের পৃথক পোশাক বদলের ঘর, জৈব শৌচাগার এবং পর্যাপ্ত আলোর ব্যবস্থা রাখা হচ্ছে। পুকুরের ধারে অস্থায়ী চলাচলের পথ তৈরি এবং দিকনির্দেশক বোর্ড বসানোরও উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি ঘাটে জরুরি যোগাযোগের নম্বর থাকবে। সূর্যোদয়ের আগে ব্রত পালনের সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে, সে জন্য আলোকসজ্জা ও নিরাপত্তার উপর বিশেষ নজর দিতে বলা হয়েছে।

READ MORE.....