পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার আরও সক্রিয় হল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। ইডির মামলায় বর্তমানে জেল হেফাজতে থাকা প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি পেল সিবিআই। মঙ্গলবার আলিপুরের বিশেষ সিবিআই আদালত এই অনুমতি দিয়েছে। ফলে এবার প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে সুজিত বসুকে জেরা করতে পারবেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
এই পদক্ষেপে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে। আদালত সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মামলার তদন্তকারী আধিকারিক বিচারকের কাছে আবেদন জানিয়ে বলেন, নতুন উঠে আসা তথ্যের ভিত্তিতে সুজিত বসুকে জিজ্ঞাসাবাদ করা জরুরি। পুরসভায় নিয়োগ দুর্নীতির তদন্তের স্বার্থেই তাঁকে জেরা করা প্রয়োজন। সেই কারণে প্রেসিডেন্সি সংশোধনাগারে গিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি চায় সিবিআই।
সওয়াল-জবাব শোনার পর বিচারক সেই আবেদন মঞ্জুর করেন। উল্লেখ্য, পুরসভায় নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে প্রোমোটার অয়ন শীলকে গ্রেফতার করেছিল সিবিআই। পরবর্তী সময়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পেশ করা চূড়ান্ত চার্জশিটে অয়ন শীলের পাশাপাশি দক্ষিণ দমদম পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পাঁচু রায় এবং নগরোন্নয়ন দফতরের এক প্রাক্তন কর্তার নাম উল্লেখ করা হয়েছিল। মোট তিনজনের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়।
অন্যদিকে, এই মামলার সমান্তরাল তদন্তে নেমে প্রাক্তন মন্ত্রী সুজিত বসুকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। বর্তমানে তিনি ইডির মামলায় জেল হেফাজতে রয়েছেন। তাঁর গ্রেফতারির পর সিবিআই আদালতের অনুমতি নিয়ে পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা শুরু করে। ইতিমধ্যেই সুজিত বসুর ঘনিষ্ঠ বলে পরিচিত দক্ষিণ দমদম পুরসভার একাধিক আধিকারিক ও কাউন্সিলরকে তলব করে জিজ্ঞাসাবাদ করেছেন সিবিআই আধিকারিকরা। এবার সরাসরি সংশোধনাগারে গিয়ে সুজিত বসুকে জেরা করার অনুমতি মেলায় তদন্তের পরবর্তী গতিপ্রকৃতি নিয়ে কৌতূহল তৈরি হয়েছে। সিবিআইয়ের জিজ্ঞাসাবাদে নতুন কোনও তথ্য সামনে আসে কি না, এখন সেদিকেই নজর রাজনৈতিক ও প্রশাসনিক মহলের।














