আগামী ২৯ ডিসেম্বর কলকাতার ঐতিহাসিক ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে দশ লক্ষ কণ্ঠে মহাগীতাপাঠের আয়োজন করতে চলেছে উদ্যোক্তারা। এই বিশাল ধর্মীয় কর্মসূচিতে উপস্থিত থাকার কথা রয়েছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) সরসংঘচালক মোহন ভাগবত এবং যোগগুরু বাবা রামদেবের। সম্প্রতি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে এক যুব ও ধর্মীয় সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে নতুন করে চর্চা শুরু হয়েছে।
সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সরাসরি নিশানা করেন শুভেন্দু। তাঁর অভিযোগ, বাম আমলের মতো তৃণমূল সরকারের সময়েও সনাতন সংস্কৃতি ও ধর্মীয় উৎসব পালনের ক্ষেত্রে বাধা তৈরি করা হয়েছে। রাম মন্দিরের প্রাণপ্রতিষ্ঠার সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক কর্মসূচির প্রসঙ্গ তুলে তিনি দাবি করেন, তৎকালীন মুখ্যমন্ত্রী রাম মন্দিরের বিরোধিতায় পথে নেমেছিলেন। পাশাপাশি বিধানসভায় মহাকুম্ভের মতো পবিত্র ধর্মীয় আয়োজন নিয়ে মন্তব্যেরও সমালোচনা করেন তিনি। শুভেন্দুর অভিযোগ, সনাতন সংস্কৃতি এবং হিন্দু ধর্মের ঐতিহ্যকে বারবার অসম্মান করার চেষ্টা হয়েছে।
কালী প্রতিমা পুলিশের গাড়িতে তোলার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর বক্তব্য, যে রাজনৈতিক শক্তি ধর্মীয় ভাবাবেগকে আঘাত করেছে, মানুষ নির্বাচনের মাধ্যমে তাদের জবাব দিয়েছেন। যুবসমাজকে সনাতন সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এ দিনের সভায় উপস্থিত সন্ত রামচন্দ্র দাসজিকে পশ্চিমবঙ্গের মাটিতে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। পাশাপাশি আগামী ১৫ জানুয়ারি গঙ্গাসাগরে পুণ্যস্নান করতে আসার কথা রয়েছে পূজ্যপাদ রামভদ্রাচার্যজির। তাঁকে রাজ্য সরকারের পক্ষ থেকে রাষ্ট্রীয় অতিথির সম্মান দেওয়া হবে বলে ঘোষণা করেন শুভেন্দু। সরকারি হেলিকপ্টারে তাঁকে কপিলমুনি আশ্রমে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করা হবে বলে জানান তিনি। এছাড়াও আগামী ১৬ থেকে ২৪ জানুয়ারি কলকাতায় রামানন্দ মিশনের উদ্যোগে ১০০৮ কুণ্ডলীর সনাতন মহাসভার আয়োজন করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এই ধর্মীয় আয়োজনেও বহু সাধু-সন্ত ও বিশিষ্ট ব্যক্তিত্বের উপস্থিতির সম্ভাবনা রয়েছে। তবে এ দিনের ঘোষণার মূল আকর্ষণ ২৯ ডিসেম্বরের ব্রিগেড কর্মসূচি। দশ লক্ষ মানুষের একসঙ্গে গীতাপাঠের এই আয়োজনকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন শুভেন্দু। মোহন ভাগবত ও বাবা রামদেবের পাশাপাশি সন্ত রামচন্দ্র দাসজিকেও অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানান তিনি। সব মিলিয়ে গীতাপাঠ, সনাতন মহাসভা এবং গঙ্গাসাগরের ধর্মীয় আয়োজনকে ঘিরে রাজ্যে নতুন কর্মসূচির ঘোষণা সামনে এল। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি এই ধর্মীয় আয়োজনগুলি আগামী দিনে রাজ্যের রাজনৈতিক ও সামাজিক মহলে কতটা প্রভাব ফেলে, এখন সেদিকেই নজর থাকবে।














