এবার কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোয় অন্যতম বড় চমক হতে চলেছে ৪০ ফুটের বিশালাকার কাচের গণেশ মূর্তি। মণ্ডপের প্রবেশপথেই দর্শনার্থীদের স্বাগত জানাতে থাকছে এই বিশাল গণেশ। আর তাঁকে ঘিরেই তৈরি হচ্ছে একটি কাল্পনিক গণেশ মন্দির। কৃষ্ণনগরের ঘূর্ণির আদি ঘরামী পাড়ার চন্দ্রমাতার পুজোয় এবছর এমনই অভিনব পরিকল্পনা নিয়েছেন উদ্যোক্তারা। মণ্ডপসজ্জার এই ব্যতিক্রমী ভাবনাকে ঘিরে জগদ্ধাত্রী পুজোর আগে থেকেই তৈরি হয়েছে বাড়তি কৌতূহল।পুজো উদ্যোক্তাদের সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ ফুট উচ্চতার এই গণেশ মূর্তিটি তৈরি করা হচ্ছে কাচ দিয়ে। মণ্ডপের একেবারে সূচনাতেই থাকবে বিশালাকার এই মূর্তি। তাকে কেন্দ্র করে গোটা মণ্ডপ সাজানো হচ্ছে কাল্পনিক গণেশ মন্দিরের আদলে। ফলে মণ্ডপে প্রবেশের মুখেই দর্শনার্থীরা পাবেন এক অভিনব দৃশ্যের অভিজ্ঞতা।
কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজোর মণ্ডপসজ্জায় এবারের অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে এই বিশাল কাচের গণেশ।তবে শুধু চমক সৃষ্টিই নয়, এবারের মণ্ডপ ভাবনার সঙ্গে জড়িয়ে রয়েছে স্থানীয় শিল্পকলাকে সম্মান জানানোর উদ্যোগ। ঘূর্ণি মানেই শিল্পের এক পরিচিত ঠিকানা। মৃৎশিল্প ও নানা শিল্পকর্মের জন্য এই এলাকার আলাদা পরিচিতি রয়েছে। সেই শিল্পঐতিহ্যকে মর্যাদা দিয়েই এবারের মণ্ডপ পরিকল্পনা করা হয়েছে বলে জানিয়েছেন পুজো উদ্যোক্তারা। তাঁদের কথায়, স্থানীয় শিল্পকলার ভাবনাকে সামনে রেখেই দর্শনার্থীদের কাছে নতুন কিছু তুলে ধরার চেষ্টা করা হচ্ছে।অন্যদিকে, মণ্ডপের আধুনিক পরিকল্পনার পাশাপাশি চন্দ্রমাতার পুজোয় বজায় থাকছে নিজস্ব ধর্মীয় পরম্পরা।
বৈষ্ণব মত অনুসারেই পূজিতা হন দেবী চন্দ্রমাতা। অর্থাৎ একদিকে কাল্পনিক গণেশ মন্দির ও ৪০ ফুটের কাচের গণেশের অভিনব আকর্ষণ, অন্যদিকে বৈষ্ণবীয় রীতিতে দেবীর আরাধনা—এই দুইয়ের মেলবন্ধনেই এবারের পুজোকে বিশেষভাবে সাজিয়ে তুলছেন উদ্যোক্তারা।কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো বরাবরই শিল্প, ঐতিহ্য ও অভিনবত্বের এক অনন্য মিলনক্ষেত্র। প্রতি বছরই নতুন ভাবনা নিয়ে দর্শনার্থীদের সামনে হাজির হয় শহরের বিভিন্ন পুজো কমিটি। সেই প্রতিযোগিতায় এবার ঘূর্ণির আদি ঘরামী পাড়ার চন্দ্রমাতার পুজোর বড় হাতিয়ার ৪০ ফুটের বিশাল কাচের গণেশ। মণ্ডপের প্রবেশপথে এই আকর্ষণীয় উপস্থাপনা দর্শনার্থীদের কতটা মুগ্ধ করে, এখন সেটাই দেখার।














