Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

পাঁচ দশকের ঐতিহ্যে ছেদ, নিরাপত্তার কারণে বন্ধ ময়রাপাড়ায় রাসের মেলা

পাঁচ দশকের ঐতিহ্যে ছেদ, নিরাপত্তার কারণে বন্ধ ময়রাপাড়ায় রাসের মেলা

পাঁচ দশকের ঐতিহ্যে ছেদ, নিরাপত্তার কারণে বন্ধ ময়রাপাড়ায় রাসের মেলা। রাস পূর্ণিমাকে ঘিরে প্রতি বছর যে উৎসবের আবহ তৈরি হয় হাওড়ার নেতাজি রোডের ময়রাপাড়ায়, এবছর সেখানে নেই সেই চেনা ব্যস্ততা, নেই দর্শনার্থীদের ভিড়। প্রায় পাঁচ দশক ধরে চলে আসা রাসের মেলা এবার বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ময়রাপাড়া রামকৃষ্ণ অ্যাসোসিয়েশন হরিসভা রাধাকৃষ্ণ মন্দির কমিটি। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন কমিটির সদস্যরা। দীর্ঘদিন ধরে এই মেলা রাস পূর্ণিমার অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল। মাটির পুতুলের নানা মডেলের পাশাপাশি জীবন্ত মডেলের মাধ্যমে বিভিন্ন দৃশ্য তুলে ধরা হত মেলা প্রাঙ্গণে।

 

সেই আকর্ষণে প্রতি বছর বহু দর্শনার্থীর সমাগম ঘটত। তবে এবছর সেই আয়োজন থেকে বিরত থাকল উদ্যোক্তারা। কমিটির সদস্যদের মতে, এবারের দুর্গাপুজোয় চোরবাগানের মর্মান্তিক ঘটনার পর বড় জমায়েতের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। মেলা প্রাঙ্গণের প্রবেশ ও বেরোনোর পথ যথেষ্ট সংকীর্ণ। সেখানে বিপুল মানুষের সমাগম হলে কোনও দুর্ঘটনা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়তে পারে। সেই আশঙ্কা থেকেই এবছর মেলার সমস্ত আয়োজন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেলা না হওয়ায় হতাশ এলাকার বাসিন্দা ও বহু নিয়মিত দর্শনার্থী।

 

গত বছরও রাস পূর্ণিমায় ময়রাপাড়া ছিল উৎসবের আলো, সাজসজ্জা ও মানুষের ভিড়ে মুখর। এবছর সেই চেনা পরিবেশের বদলে এলাকায় নেমেছে নীরবতা। যদিও মেলা বন্ধ থাকলেও ধর্মীয় রীতি মেনে মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পুজো অনুষ্ঠিত হয়েছে। নিরাপত্তার স্বার্থে উদ্যোক্তাদের এই সিদ্ধান্তে এক বছরের জন্য থমকে গেল ময়রাপাড়ার পাঁচ দশকের রাসের মেলার ঐতিহ্য। এবার রাস উৎসবের আনন্দের সঙ্গে জুড়ে রইল মেলা না হওয়ার আক্ষেপ।

READ MORE.....