রুপোলি পর্দার প্রেম তো অনেকেই করেন, কিন্তু বাস্তবের মাটিতে দাঁড়িয়ে একসঙ্গে মানুষের জন্য কিছু করার কৃতি ক’জন দেখাতে পারেন? সেই তালিকায় একেবারে প্রথম সারিতে নিজেদের নাম লিখিয়ে নিলেন দক্ষিণী সিনেমার সুপারস্টার বিজয় দেবরকোন্ডা এবং তাঁর সদ্যপরিণীতা স্ত্রী রেশমিকা মন্দনা। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে উদয়পুরের রাজকীয় ছাঁদনাতলায় চার হাত এক হয়েছিল তাঁদের। আর বিয়ের পর প্রথমবার বিজয়ের পৈত্রিক ভিটেয় পা রেখেই এক মহৎ সামাজিক কাজের সূচনা করলেন এই তারকা দম্পতি।
তেলঙ্গানার এক প্রত্যন্ত গ্রামের ১৮০ জন মেধাবী পড়ুয়ার পড়াশোনার দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিলেন তাঁরা। রবিবার তেলঙ্গানার আচামপেট মণ্ডলের থুম্মানপেট গ্রামে হাজির হয়েছিলেন বিজয় ও রেশমিকা। এই থুম্মানপেট আসলে সাধারণ কোনও গ্রাম নয়, এখানেই জন্ম হয়েছিল বিজয়ের বাবার। নিজের শিকড়ের টানে পৈত্রিক ভিটেয় ফিরে এসে আবেগঘন হয়ে পড়েন অর্জুন রেড্ডি-খ্যাত তারকা। ‘দ্য দেবরকোন্ডা ফাউন্ডেশন’-এর মাধ্যমে গ্রামের সরকারি স্কুলের নবম ও দশম শ্রেণীর ১৮০ জন কৃতি পড়ুয়ার হাতে স্কলারশিপ তুলে দেন তাঁরা। এক্স হ্যান্ডেলে সেই খুদে পড়ুয়াদের নামের তালিকা শেয়ার করে বিজয় লেখেন, ‘আমরা থুম্মানপেটের পথে।
এই ছোট্ট গ্রামেই আমার বাবার জন্ম হয়েছিল। ফেব্রুয়ারি মাসে আমি আর রেশমিকা যে ছোট্ট স্বপ্নের কথা ঘোষণা করেছিলাম, আজ তা পূরণ হতে চলেছে। যে ১৮০ জন শিশু আজ তাদের বাবা-মায়ের মুখ উজ্জ্বল করেছে, এই তালিকায় তাদের নাম রয়েছে’। অনুষ্ঠানে ছাত্রছাত্রী ও তাদের পরিবারের মুখোমুখি হয়ে বিজয় জানান, কেরিয়ারে দর্শকদের কাছ থেকে তিনি যে ভালোবাসা পেয়েছেন, তা সমাজকে কিছুটা ফিরিয়ে দেওয়াই তাঁর লক্ষ্য। এই স্কলারশিপ হয়তো খুব বড় কিছু নয়, তবে পড়ুয়াদের পাশে থাকাটা তাঁর স্বপ্নের অংশ। নিজের বাবার গ্রাম থেকে শুরু করে ধাপে ধাপে এই উদ্যোগ গোটা তেলঙ্গানায় ছড়িয়ে দিতে চান তিনি। মঞ্চে দাঁড়িয়ে এদিন নতুন পরিচয়ে বক্তব্য রাখেন রেশমিকাও। নিজের সংক্ষিপ্ত কিন্তু ছিমছাম বক্তৃতায় জাতীয় ক্রাশ বলেন, ‘আজ আমি আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি রেশমিকা মন্দনা দেবরকোন্ডা হিসেবে।
শ্বশুরমশাইয়ের গ্রামে এসে এই সুন্দর কাজের অংশ হতে পেরে আমি ভীষণ রোমাঞ্চিত’। এর আগে এই গ্রামেই নিজেদের নতুন বাড়ির গৃহপ্রবেশ ও সত্যনারায়ণ পুজোর সময় এই প্রতিশ্রুতির বীজ বুনেছিলেন তাঁরা, যা আজ বাস্তব রূপ পেল। প্রসঙ্গত, ‘গীতা গোবিন্দম’ এবং ‘ডিয়ার কমরেড’-এর মতো ব্লকবাস্টার ছবির পর ফের একবার রুপোলি পর্দায় একসঙ্গে জুটি বাঁধতে চলেছেন এই রিয়েল লাইফ দম্পতি। রাহুল সংকীর্তন পরিচালিত তাঁদের আগামী ছবি ‘রণবালী’ মুক্তি পেতে চলেছে আগামী ১১ সেপ্টেম্বর। বিয়ের পর এটাই হবে পর্দায় তাঁদের প্রথম কাজ। তবে রিল লাইফে তাঁদের কেমিস্ট্রি যেমনই হোক, রিয়েল লাইফে দুই তারার এই ‘যুগলবন্দি’ ইতিমধ্যেই তেলঙ্গানার ওই খুদে পড়ুয়াদের জীবনে যে নতুন আলোর দিশা দেখাল, তা বলাই বাহুল্য!












