Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

প্রস্তাবিত সুন্দরবন জেলা ঘিরে নতুন আশা, ১৯টি ব্লক নিয়ে সদর দপ্তর হতে পারে কাকদ্বীপ

প্রস্তাবিত সুন্দরবন জেলা ঘিরে নতুন আশা, ১৯টি ব্লক নিয়ে সদর দপ্তর হতে পারে কাকদ্বীপ

পৃথক সুন্দরবন জেলা গঠনের পরিকল্পনা ঘিরে নতুন করে আশার আলো দেখছেন সুন্দরবনবাসী। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনার ১৩টি এবং উত্তর ২৪ পরগনার ৬টি ব্লক নিয়ে মোট ১৯টি ব্লকের নতুন জেলা গঠনের প্রস্তাব রয়েছে। প্রস্তাবিত জেলার সদর দপ্তর হতে পারে কাকদ্বীপে। তবে চূড়ান্ত সীমানা ও প্রশাসনিক কাঠামো নিয়ে সরকারি বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত হয়নি। প্রস্তাবিত পরিকল্পনায় দক্ষিণ ২৪ পরগনার গোসাবা, বাসন্তী, ক্যানিং-১ ও ২, কুলতলি, জয়নগর-১ ও ২, মথুরাপুর-১ ও ২, নামখানা, পাথরপ্রতিমা, সাগর ও কাকদ্বীপ রয়েছে। উত্তর ২৪ পরগনার হাড়োয়া, মিনাখাঁ, হাসনাবাদ, হিঙ্গলগঞ্জ এবং সন্দেশখালি-১ ও ২ ব্লকও এই জেলার অন্তর্ভুক্ত হতে পারে।

 

সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপাঞ্চলে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া দীর্ঘদিনের চ্যালেঞ্জ। নদীভাঙন, নোনা জলের সমস্যা, ঘূর্ণিঝড়, নদীবাঁধ ভেঙে প্লাবন এবং সমুদ্রের জলস্তর বৃদ্ধি এখানকার মানুষের নিত্যদিনের সমস্যা। জেলা সদর থেকে দূরত্ব বেশি হওয়ায় জরুরি পরিস্থিতিতে প্রশাসনিক পরিষেবা পেতেও দেরি হয়। পৃথক জেলা হলে স্থানীয় স্তরে উন্নয়ন ও বিপর্যয় মোকাবিলার কাজ আরও দ্রুত করা সম্ভব হবে বলে মনে করা হচ্ছে। প্রস্তাবিত জেলা সদর কাকদ্বীপে জেলাশাসকের কার্যালয়, জেলা পরিষদ অফিস-সহ একাধিক প্রশাসনিক দপ্তর গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সুন্দরবন উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দীপঙ্কর জানা জানিয়েছেন, পরিকাঠামো তৈরির জন্য ইতিমধ্যেই জেলাশাসকের কাছে জমি চাওয়া হয়েছে। জমি পাওয়া গেলে প্রশাসনিক ভবন নির্মাণের কাজ শুরু হবে। গোটা পরিকাঠামো গড়ে তুলতে আনুমানিক এক বছর সময় লাগতে পারে বলেও জানা গিয়েছে।

 

নতুন জেলা হলে ঘূর্ণিঝড়, নদীবাঁধ ভাঙন ও অন্যান্য প্রাকৃতিক বিপর্যয়ের সময় দ্রুত সিদ্ধান্ত নেওয়ার সুবিধা হবে বলে আশা। সমুদ্রে থাকা মৎস্যজীবীদের নিরাপত্তা ও অবস্থানের উপর নজরদারির জন্য আধুনিক নিয়ন্ত্রণকক্ষ তৈরির পরিকল্পনাও রয়েছে। পাশাপাশি গঙ্গাসাগর মেলার ব্যবস্থাপনাতেও নতুন জেলা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগম সামলাতে কাকদ্বীপ থেকে সরাসরি প্রশাসনিক তদারকি করা গেলে পরিবহণ, নিরাপত্তা ও পরিষেবা পরিচালনায় সুবিধা হবে বলে মনে করা হচ্ছে। এখন অপেক্ষা সরকারি চূড়ান্ত ঘোষণা ও বাস্তবায়নের।

READ MORE.....