উত্তর ২৪ পরগনার সীমান্ত শহর বসিরহাটে নতুন করে চাঞ্চল্য ছড়াল। রাতের অন্ধকারে কে বা কারা শহর জুড়ে একাধিক পোস্টার লাগিয়ে দিল, যেখানে বড় অক্ষরে লেখা— অবৈধ অনুপ্রবেশকারী রোহিঙ্গা মুসলিমরা ভারত ছাড়ো। পোস্টারের নীচে লেখা রয়েছে সনাতনী যোদ্ধা, বসিরহাট জেলা।
ঘটনাটি সামনে আসতেই এলাকায় ব্যাপক আলোড়ন শুরু হয়েছে। বসিরহাট ভ্যাবলা ৩৮ নম্বর রেলগেট সংলগ্ন এলাকা, শহরের রাস্তার ধারে, দোকানের দেওয়াল, এমনকি বিদ্যুতের খুঁটিতেও ওই পোস্টার দেখা গেছে। ইতিমধ্যে কিছু জায়গায় পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে, তবে বেশ কয়েকটি এখনও ঝুলছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাতের অন্ধকারে এই পোস্টার লাগিয়ে ভয় ও বিভ্রান্তির পরিবেশ তৈরি করা হচ্ছে। এক প্রত্যক্ষদর্শীর কথায়— যেভাবে পোস্টার মারা হয়েছে, সাধারণ মানুষ আতঙ্কে রয়েছে। প্রশাসন দ্রুত ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
এই ঘটনাকে ঘিরে বসিরহাট শহরে নানা গুঞ্জন শুরু হয়েছে। কেউ বলছেন রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত প্রচার, আবার কেউ মনে করছেন এটি সামাজিক সম্প্রীতি নষ্ট করার চক্রান্ত। প্রশাসন সূত্রে জানা গেছে, পোস্টার লাগানোর ঘটনার তদন্ত শুরু হয়েছে, দোষীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।















