বাঘ সংরক্ষণের উদ্দেশ্যে নেওয়া বিশেষ উদ্যোগ ঘিরেই এবার একের পর এক বিতর্ক। বিহারের বাল্মীকি ব্যাঘ্র প্রকল্প থেকে দীর্ঘ পথ পেরিয়ে উত্তরবঙ্গের বক্সা ব্যাঘ্র প্রকল্পে নিয়ে আসা হয়েছিল একটি বাঘিনীকে। উদ্দেশ্য ছিল বক্সার জঙ্গলে বাঘের সংখ্যা বৃদ্ধি করা। কিন্তু সেই উদ্যোগের পর বাঘিনীর শারীরিক অসুস্থতা, গর্ভপাত, অসমে পালিয়ে যাওয়া এবং অভিযোজন ঘেরাটোপ থেকে বেরিয়ে যাওয়ার ঘটনায় প্রশ্নের মুখে পুনঃপ্রবর্তন ব্যবস্থা। গত ২৯-৩০ সেপ্টেম্বর বাল্মীকি থেকে বাঘিনীটিকে ধরে সড়ক ও বিমানপথে বক্সায় আনা হয়। প্রায় ১৮ ঘণ্টার দীর্ঘ যাত্রায় তার থাবায় ক্ষত, নখের ক্ষয় এবং দাঁতের ক্ষতির অভিযোগ সামনে আসে। ২ অক্টোবর বক্সায় পুনঃপ্রবর্তনের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়।
অভিযোজনের জন্য তাকে বিশেষ ঘেরাটোপে রাখা হয় এবং ৪ অক্টোবর মুক্তি দেওয়া হয়। কিন্তু ২৩-২৪ অক্টোবর বক্সার জঙ্গল ছেড়ে অসমের রাইমোনা জাতীয় উদ্যানের দিকে চলে যায় বাঘিনীটি। ১০০ কিলোমিটারেরও বেশি পথ পেরিয়ে লোকালয়ের কাছাকাছি পৌঁছে গৃহপালিত শূকর শিকারের খবর সামনে আসে। পরিস্থিতি সামাল দিতে ৩ নভেম্বর কোকরাঝাড় এলাকায় তাকে অচেতন করে উদ্ধার করা হয় এবং বক্সায় ফিরিয়ে আনা হয়। এরপর ৭ নভেম্বর ফের অচেতন করার পর বাঘিনীর গর্ভপাতের ঘটনা প্রকাশ্যে আসে। তার শরীর থেকে তিনটি ভ্রূণ পাওয়া গিয়েছে বলে সংবাদমাধ্যমের প্রতিবেদন। দীর্ঘ যাত্রার ধকল, শারীরিক আঘাত কিংবা মানসিক চাপ—কোন কারণে এই ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। ৮ নভেম্বর অভিযোজন ঘেরাটোপের মাটি খুঁড়ে ফের বেরিয়ে যায় বাঘিনীটি।
এতে নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে। ১৩ নভেম্বর প্রকাশিত তথ্য অনুযায়ী, গোটা ঘটনার পাশাপাশি সম্ভাব্য গাফিলতির অভিযোগ খতিয়ে দেখছে ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটি (এনটিসিএ)। বন্যপ্রাণী সংরক্ষণ বিশেষজ্ঞদের কাছে এই ঘটনাপ্রবাহ গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে। শুধু বাঘ স্থানান্তর করলেই সংরক্ষণ সফল হয় না। পরিবহণ, স্বাস্থ্য পরীক্ষা, অভিযোজন ও নিরাপত্তার প্রতিটি ধাপ নিশ্চিত করা জরুরি। তদন্তে প্রকৃত কারণ ও দায়বদ্ধতা কতটা স্পষ্ট হয়, এখন সেদিকেই নজর। বাঘ সংরক্ষণের উদ্যোগে একটি বাঘিনীর এমন পরিণতি কেন, উঠছে সেই প্রশ্নও।














