সালানপুর ব্লকে রাস্তা সংস্কার এবং ১০০ দিনের কাজ দেওয়ার দাবি জানিয়ে আজ, ১৬ সেপ্টেম্বর সারা ভারত কৃষক সভার পক্ষ থেকে বিডিও অফিসে গণ অবস্থান কর্মসূচি পালিত হলো। এই অবস্থানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিআইএম রাজ্য কমিটির সদস্য মিনাক্ষী মুখার্জি। এদিন রূপনারায়ণপুর ডাবর মোড় এলাকা থেকে মিছিল করে বাম কর্মী সমর্থকেরা বিডিও অফিস চত্বরে এসে পৌঁছান।
তারপর সেখানে বিক্ষোভ অবস্থান শেষে বিডিওর হাতে স্মারকলিপি তুলে দেওয়া হয়। তাতে দাবি জানানো হয় অবিলম্বে হাইকোর্টের আদেশ মেনে ১০০ দিনের কাজ রাজ্যে চালু করতে হবে। সালানপুর ব্লকের বেহাল রাস্তা অবিলম্বে মেরামত করতে হবে। এছাড়াও এসসি/এসটি/ ওবিসি শংসাপত্র ঠিকমতো দেওয়া, বিভিন্ন ভাতা দেওয়া সহ অন্যান্য দাবি জানানো হয়। বিডিও’র হাতে স্মারকলিপি তুলে দেন গণেশ পন্ডিত মোহাম্মদ মঈন বিনোদ সরেন দেবাশিস দে শুক্লা রাউত ও কবিতা টুডু। এর উত্তরে বিডিও দেবাঞ্জন বিশ্বাস বলেন এপ্রিল মাসে এই জাতীয় বিষয়গুলি নিয়ে বামেদের পক্ষ থেকে তার কাছে দাবি জানানো হয়েছিল।
ইতিমধ্যেই খাদ্য বিভাগের পরিষেবা অনেক উন্নত হয়েছে বলে তিনি জানান। এছাড়াও রাস্তার মেরামতি নিয়ে বিডিও বলেন শীঘ্রই তাপ্পি দেওয়ার কাজ করা হবে, বৃষ্টি ধরলেই ডিসেম্বরের মধ্যে রাস্তাগুলিতে পিচ পড়বে। এরই সঙ্গে তিনি জানান ডাবর মোড়ের ত্রিকোণাকৃতি অংশটিকে ছোট করে যান চলাচলের পরিসর বৃদ্ধির বিষয়ে ইতিমধ্যেই প্রশাসনিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, শীঘ্রই কাজ শুরু হবে। এদিন বিক্ষোভ সভায় মিনাক্ষী মুখার্জি আবির ঘোষ গণেশ পন্ডিত বলেন সরকারি চেয়ারে বসলেই আধিকারিকেরা তৃণমূল কংগ্রেসের দলদাস হয়ে যান। তারা মানুষের হয়ে কাজ করেন না। কিন্তু এমনটা চলতে থাকলে চেয়ার ছেড়ে দিতে হবে বলে তারা হুঁশিয়ারি দেন। আজকের সভা উপলক্ষে যথেষ্ট পুলিশি বন্দোবস্ত নজরে পড়ে।













