ভোটের পারদ চড়তেই চেনা মেজাজে ধরা দিলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। বুধবার সকালে বহরমপুরের মধুপুর এলাকায় জোরকদমে প্রচার সারলেন তিনি। এদিন সকালে বিষ্ণুপুর কালীবাড়ি চত্বরে ভিড় জমিয়েছিলেন কংগ্রেস কর্মী-সমর্থকরা। সেখান থেকেই শুরু হয় বর্ণাঢ্য মিছিল। ঢাক-ঢোল আর স্লোগানে মুখরিত হয়ে ওঠে এলাকা। মধুপুর এলাকার অলিতে-গলিতে ঘুরে সাধারণ মানুষের কাছে আশীর্বাদ চান তিনি। রাজনীতির ময়দানে তিনি কড়া প্রতিদ্বন্দ্বী হলেও, এদিন মধুপুরের ঘরের ছেলে হিসেবেই ধরা দিলেন অধীর চৌধুরী।
রাস্তার দু’ধারে দাঁড়িয়ে থাকা মানুষজনের সঙ্গে হাত মেলান, শিশুদের মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। বাড়ির জানালা বা বারান্দা থেকে অধীরবাবুকে একঝলক দেখার জন্য ভিড় জমিয়েছিলেন আবালবৃদ্ধবনিতা। এদিন প্রচারের অন্যতম নজরকাড়া দৃশ্য ছিল মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ। পাড়ার মোড়ে মোড়ে বা বাড়ির দরজায় দাঁড়িয়ে থাকা মহিলারা অধীরবাবুকে কাছে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। বহু জায়গায় তাঁকে ফুলের মালা পরিয়ে এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেওয়া হয়। পাড়ার বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ নিতেও ভোলেননি কংগ্রেস প্রার্থী।














