কলেজ স্ট্রিটে বইয়ের স্টল ঘিরে এসএফআই ও এবিভিপির সংঘর্ষ, হাতাহাতি এবং উত্তেজনার মধ্যেই নজর কেড়েছে এক অন্য ছবি। বাম ছাত্র সংগঠন এসএফআইয়ের বুকস্টলে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মার্ক্স বা লেনিনের বই নয়, বরং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা একটি বই। ইতিহাস গবেষক ও লেখক আশিস লাহিড়ীর লেখা ইতিহাসের আলো-অন্ধকারে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বইটি বিক্রির নিরিখে শীর্ষে রয়েছে বলে দাবি এসএফআই সূত্রের।
এই ঘটনাকে কেন্দ্র করে বইপাড়ায় নতুন করে শুরু হয়েছে রাজনৈতিক আলোচনা ও চাপানউতোর। মঙ্গলবার ও বুধবার কলেজ স্ট্রিটে এসএফআই এবং অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের বুকস্টল ঘিরে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এসএফআইয়ের স্টল লক্ষ্য করে এবিভিপির শিবির থেকে ঢিল, ডিম এবং চকোলেট বোমা ছোড়া হয়। পরিস্থিতি সামাল দিতে এবং নিজেদের রক্ষা করতে এসএফআই কর্মীদের মাথার উপর চেয়ার ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। দুই ছাত্র সংগঠনের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। ঘটনার জেরে পরপর দুদিন উত্তপ্ত ছিল কলকাতার ঐতিহ্যবাহী বইপাড়া। তবে সংঘর্ষ ও অশান্তির মধ্যেও এসএফআইয়ের স্টলে বই বিক্রি হয়েছে যথেষ্ট।
সংগঠনের দাবি, কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনের স্টলে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে আশিস লাহিড়ীর লেখা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বইটি। অথচ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিজেদের অন্যতম আদর্শ ব্যক্তিত্ব বলে মনে করে এবিভিপি।
তাদের স্টলেও শ্যামাপ্রসাদ, স্বামী বিবেকানন্দ এবং ভারতমাতাকে নিয়ে বিভিন্ন বই রাখার পরিকল্পনা ছিল। কী রয়েছে এই বইয়ে? প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশের ইতিহাসে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ভূমিকার বিভিন্ন দিক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে বইটিতে। তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের ইতিবাচক দিকের পাশাপাশি বিতর্কিত ভূমিকার কথাও আলোচিত হয়েছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য থাকাকালীন ছাত্র আন্দোলন দমনে তৎকালীন ব্রিটিশ শাসকদের পাশে দাঁড়ানোর অভিযোগ-সহ একাধিক ঐতিহাসিক প্রসঙ্গ বইটিতে স্থান পেয়েছে।
ফলে শ্যামাপ্রসাদকে নিয়ে একপাক্ষিক মূল্যায়নের পরিবর্তে তাঁর ভূমিকার বিভিন্ন দিক বিচার করার সুযোগ রয়েছে বলে মনে করছেন পাঠকদের একাংশ। এসএফআই সদস্যদের বক্তব্য, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে বর্তমানে যে ধরনের রাজনৈতিক প্রচার চলছে, তার বাইরে গিয়ে মানুষ যাতে তাঁর জীবন ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত জানতে পারেন, সেই উদ্দেশ্যেই বইটি স্টলে রাখা হয়েছে। তাঁদের মতে, কোনও ব্যক্তিত্বকে নায়ক হিসেবে তুলে ধরার আগে তাঁর জীবনের সব দিক সম্পর্কে জানা প্রয়োজন।
স্কুলের পাঠ্যক্রমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে অন্তর্ভুক্ত করার বিষয়ে যে আলোচনা চলছে, তার আগে এই ধরনের বই পড়ে ইতিহাস যাচাই করার কথাও বলছেন সংগঠনের সদস্যরা। অন্যদিকে, বিষয়টি নিয়ে কটাক্ষ করেছে এবিভিপি। উত্তর কলকাতার সংগঠনের শাখা আহ্বায়ক বিশাল নন্দীর বক্তব্য, এতদিন বামপন্থীরা বাংলার বহু মনীষীকে উপেক্ষা করেছে এবং তাঁদের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেছে। এখন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে নিয়ে লেখা বই এসএফআইয়ের স্টলে বেশি বিক্রি হওয়ায় তাদেরই বক্তব্য নতুন করে সামনে এসেছে বলে দাবি তাঁর। সব মিলিয়ে কলেজ স্ট্রিটে দুই ছাত্র সংগঠনের সংঘর্ষের রেশ কাটার আগেই বই বিক্রির পরিসংখ্যান ঘিরে নতুন বিতর্ক তৈরি হয়েছে। রাজনৈতিক মতাদর্শের লড়াইয়ের মাঝেও পাঠকের পছন্দ যে কখনও কখনও সব হিসাব বদলে দিতে পারে, শ্যামাপ্রসাদকে নিয়ে বইটির বিক্রির দাবি সেই প্রশ্নই সামনে এনে দিয়েছে।












