পুরীর থেকে ৫৯০ কিলোমিটার দূরে ঘূর্ণিঝড় ‘আকভান’। অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে ৪৪০ কিলোমিটার দূরে। শুক্রবার দুপুরে এই দুই জায়গার মধ্যবর্ত্তী কোনও স্থলে আছড়ে পড়বে সেটি। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১২ কিলোমিটার গতিবেগে স্থলভাগের দিকে এগোচ্ছে। তার জেরে বাংলায় শুরু হয়েছে বৃষ্টি, ঝোড়ো হাওয়া। কলকাতা-সহ রাজ্যের বিভিন্ন অংশে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে গাঙ্গেয় বঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও ভোর রাত থেকে বৃষ্টি শুরু হয়েছে। পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হবে। আজ, বৃহস্পতিবার বৃষ্টি পরিমাণ তুলনামূলক কম থাকলেও, শুক্রবার কিছু জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।
ঘূর্ণিঝড় ‘আকভানে’র প্রভাবে বৃহস্পতিবার থেকেই বৃষ্টি শুরু হয়েছে কলকাতায়। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবার বাংলার উপকূলবর্তী জেলা পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম দক্ষিণ ২৪ পরগনা ব্যাপক বৃষ্টি হবে। বাদ যাবে না উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়াও।
পূর্ব-পশ্চিম মেদিনীপুরে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উপকূলবর্তী এলাকায় ৪০ থেকে ৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া চলতে পারে। পাশাপাশি অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে। এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ট্রলার কিংবা ছোট নৌকা নিয়ে গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার উপর কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বিশেষ করে দক্ষিণ ২৪ পরগনার অন্যতম গুরুত্বপূর্ণ মৎস্য বন্দর নামখানা ও ফ্রেজারগঞ্জে বাড়ানো হয়েছে নজরদারি। বকখালি উপকূলেও সতর্ক রয়েছে প্রশাসন। ঘূর্ণিঝড়টি যত স্থলভাগের দিকে এগোবে, এর প্রভাব বাড়তে থাকবে। স্থলভাগে প্রবেশের পর, শক্তি হারানো শুরু করলে বৃষ্টি কমবে।














