Facebook
Twitter
LinkedIn
Threads
X
Email
WhatsApp
Telegram
StumbleUpon
Pinterest
Skype
Pocket

সিরাজকে বাদ দেওয়া নিয়েও প্রশ্নের মুখে গিল-গম্ভীর

সিরাজকে বাদ দেওয়া নিয়েও প্রশ্নের মুখে গিল-গম্ভীর

ইঙ্গিত আগে থেকেই ছিল। সেটাই সত্যি হল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টে মহম্মদ সিরাজকে ছাড়াই নামল ভারত। তাঁর জায়গায় আনকোরা অংশুল কম্বোজ, দীর্ঘদিন বাদে চোট সারিয়ে ফেরা আকাশদীপ এবং চরম ধারাবাহিকতার অভাবে ভোগা প্রসিদ্ধ কৃষ্ণরা প্রাধান্য পেলেন। চমকপ্রদভাবে বাদ পড়লেন রবীন্দ্র জাদেজাও। ওয়ানডে থেকে জাদেজাকে আগেই ছেঁটে ফেলা হয়েছে। এবার টেস্টেও সম্ভবত একই পরিণতি হতে চলেছে তাঁর।

২০২৩ বিশ্বকাপে ভারতীয় বোলিংয়ের অন্যতম স্তম্ভ ছিলেন শামি ও সিরাজ। ২০২৪-র টি-টোয়েন্টি বিশ্বকাপেও সিরাজ দলে ছিলেন। কিন্তু কখন যে সাদা বলের ক্রিকেট থেকে তাঁকে সরিয়ে দেওয়া হয়েছে, তা বোঝাই যায়নি। এখন মাঝেমধ্যে ওয়ানডে’তে ডাকা হয়। তবে দলের আর নিয়মিত পেসার নন। এতদিন টেস্ট দলে নিয়মিত ছিলেন। জশপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, হর্ষিত রানারা চোট-আঘাতের জন্য ছিটকে গিয়েছেন। কিন্তু সিরাজ নিয়মিত খেলে গিয়েছেন। পারফর্মও করেছেন। এমনকী ওয়ার্কলোড ম্যানেজমেন্টেরও প্রয়োজন পড়েনি। নিউজিল্যান্ড সিরিজের প্রথম ম্যাচে সেই সিরাজকে আচমকা বসিয়ে দেওয়া হল আনকোরা পেসারদের জন্য।

 

ভারত কিউয়িদের বিরুদ্ধে যে চার পেসার নিয়ে নামল তাঁরা হলেন জসপ্রীত বুমরাহ, প্রসিদ্ধ কৃষ্ণ, অংশুল কম্বোজ এবং আকাশদীপ। এদের মধ্যে বুমরাহ ছাড়া কেউই দলে অটোমেটিক চয়েস হওয়ার কথা নয়। প্রসিদ্ধ কৃষ্ণ নিয়মিত খেলেন বটে কিন্তু তাঁর পারফরম্যান্স নিয়ে মাঝে মাঝেই প্রশ্নচিহ্ন ওঠে। আকাশদীপ দীর্ঘদিন বাদে চোট সারিয়ে ফিরছেন। তবে ম্যানেজমেন্টের যুক্তি তিনি বল দু’দিকেই সুইং করাতে পারেন। আর অংশুল কম্বোজ নিয়মিত ভালো লাইন-লেংথে বল করার পাশাপাশি ব্যাটটাও করে দিতে পারেন। কিন্তু এসব যুক্তি দিয়ে কোনওভাবে সিরাজকে বসানো মেনে নেওয়া যায় কি? সমর্থকরা প্রশ্ন তুলছেন, ধীরে ধীরে সিরাজকেও কি মহম্মদ শামির পরিণতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে? গিল-গম্ভীররা কি হায়দরাবাদি পেসারের উপর থেকে আস্থা হারাচ্ছেন? প্রশ্নের জবাবে অধিনায়ক গিল সিরাজের বাদ পড়াকে স্রেফ ‘দুর্ভাগ্যজনক’ বলে এড়িয়ে গিয়েছেন।

অবশ্য আস্থা যে শুধু সিরাজ হারিয়েছেন তাই নয়। একই তালিকায় নাম রয়েছে দলের সিনিয়র অলরাউন্ডার রবীন্দ্র জাদেজারও। তাঁকেও সুকৌশলে ওয়ানডে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অবশ্য সেক্ষেত্রে একটা যুক্তি ছিল, সাদা বলে জাদেজা মোটেই ভালো ফর্মে নেই। কিন্তু এবার টেস্টেও তাঁকে ছাঁটাই করার প্রক্রিয়া একপ্রকার শুরু হয়ে গেল। নিউজিল্যান্ড টপ অর্ডারে একাধিক বাঁহাতি ব্যাটার আছে এই যুক্তিতে প্রথম টেস্ট থেকে বাদ দেওয়া হল জাদেজাকে। খেলানো হল ওয়াশিংটন সুন্দরকে। জাদেজার উদ্দেশে ম্যানেজমেন্টের স্পষ্ট বার্তা, টেস্ট ফরম্যাটের অলরাউন্ডারদের তালিকাতেও আর প্রথম পছন্দ নন জাদেজা।

 

 

READ MORE.....